এই তদন্ত মানেন না আসমা কিবরিয়া
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার যে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন আসমা কিবরিয়া। তিনি বলেন, এই তদন্ত তিনি মানেন না। ঘটনার মূল নায়কদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আবার আন্দোলনে নামবেন।গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানের বাসায় আসমা কিবরিয়া বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বুধবার বিকেলে হবিগঞ্জের আদালতে কিবরিয়া হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে বলে আমি শুনেছিলাম। শুনেছি, বোমা হামলার জন্য হরকাতুল জিহাদের (হুজি) কয়েকজন জঙ্গিকে অভিযুক্ত করা হয়েছে। একজন জঙ্গিকে সাহায্য করার জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নামও এসেছে অভিযোগপত্রে।’আসমা কিবরিয়ার অভিযোগ, অভিযোগপত্রে ঘটনার জন্য যেসব হুজি জঙ্গিকে দায়ী করা হয়েছে, তারা সবাই ভাড়াটে। টাকা দিয়ে কেউ তাদের বোমা হামলা করার জন্য ভাড়া করেছিল। তিনি বলেন, ‘কে তাদের ভাড়া করেছিল, সেই মাস্টারমাইন্ডকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, না হলে আমি আবার আন্দোলনে নামতে বাধ্য হব।’আসমা কিবরিয়া বলেন, বিএনপি সরকারের আমলেও একবার এই মামলার অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। তখন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মীকেও আসামি করা হয়েছিল। আর এবারের অভিযোগপত্রে তারা বাদ পড়েছে, বোমা হামলার জন্য ঢালাওভাবে হুজি জঙ্গিদের দায়ী করে দায়মুক্ত হতে চেয়েছে প্রশাসন। তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, ঘটনার সময় হবিগঞ্জের যে জেলা প্রশাসক ছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করুন। তিনি অনেক কিছু জানতে পারেন। ঘটনার পর পর কিবরিয়ার চিকিৎসার জন্য প্রশাসন কোনো সহায়তা করল না কেন? জেলা হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্সও পাওয়া গেল না!’ তাঁর অভিযোগ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে করা তদন্তেও ডিসিকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তিনি শুনেছেন, একজন প্রভাবশালী সাংসদ ওই ডিসিকে জিজ্ঞাসাবাদ থেকে রক্ষা করতে জোর তদবির করেছিলেন।তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার দাবি জানিয়ে আসমা কিবরিয়া বলেন, ‘তাঁর দায়িত্বশীলতার অভাব রয়েছে। এই তদন্তে আমাদের আস্থা নেই। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে এই অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দেওয়ার ব্যবস্থা করব।’বিএনপির উচ্চপর্যায়েরও কেউ জড়িত থাকতে পারেন উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী বলেন, বোমা হামলায় গুরুতর আহত একজন সাবেক অর্থমন্ত্রীকে বাঁচাতে সরকারের কাছে বারবার চেয়েও একটা হেলিকপ্টার পাওয়া যায়নি। ঘটনার পরদিন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার বললেন, তিনি ঘটনা জানেনই না। এসব ঘটনা কী অর্থ বহন করে, তা সরকারকে খুঁজে বের করতে হবে। ঘটনার মূল পরিকল্পনাকারী যে-ই হোক, বিএনপি সরকার বিষয়টি আড়াল করার চেষ্টা করেছে। এটা কী কারণে, তা তদন্তে আসতে হবে, না হলে তদন্ত কিসের?অশ্রুসিক্ত আসমা কিবরিয়া বলেন, ‘এই সরকারের কাছে আমরা কিছুই চাইনি। শুধু চেয়েছিলাম, কিবরিয়া হত্যার বিচার হোক। কিন্তু এখানেও সরকারের সদিচ্ছার ঘাটতি দেখা গেছে। একজন মুক্তিযোদ্ধা কূটনীতিক হিসেবে কিবরিয়ার প্রাপ্য সম্মানটুকুও তারা এখন দিতে চায় না। এ বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চেয়েও পাইনি।’