এই দায়ভার আমিই নিলাম
‘গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছে, এর দায়ভার আমিই নিলাম।’ পেরু সফরকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল সোমবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।যুক্তরাষ্ট্রে নির্মিত একটি ইসলামবিরোধী চলচ্চিত্রের জেরে গত মাসে লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মার্কিন উপদূতাবাসে ওই হামলার ঘটনা ঘটে। এতে মার্কিন রাষ্ট্রদূতসহ এক সেনা ও দুই কর্মকর্তা নিহত হন।বেনগাজির ঘটনা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে চলমান তর্ক-যুদ্ধের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই হামলার দায় নিজের কাঁধে তুলে নিলেন। সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘১১ সেপ্টেম্বর বেনগাজিতে যা ঘটেছে, তার দায় আমি নিচ্ছি।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ওই ঘটনার জন্য দায়ী নন। সারা বিশ্বে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬০ হাজারেরও বেশি কর্মীর দায়িত্ব আমার।’নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বেনগাজির ঘটনা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। রিপাবলিকানদের অভিযোগ, লিবিয়ায় মার্কিন কূটনীতিকদের নিরাপত্তাব্যবস্থা জোরালো করার আহ্বান অগ্রাহ্য করেছে ওবামা প্রশাসন।গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পল রায়ানের সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘লিবিয়ার মার্কিন উপদূতাবাসে অতিরিক্ত নিরাপত্তার জন্য আমাদের কাছে কোনো অনুরোধ আসেনি। আমরা জানতাম না তাঁদের আরও নিরাপত্তা দরকার।’ওবামার রানিংমেটের এই বক্তব্যের সমালোচনা করে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী রমনি বলেন, বাইডেনের এই বিবৃতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের স্বীকারোক্তির সরাসরি বিপরীত। রমনি বলেন, ‘যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের কথা সরাসরি অস্বীকার করেন, তখন দেশে কী হচ্ছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা জানার অধিকার আছে।’বিতর্কে দেওয়া বাইডেনের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, লিবিয়ার উপদূতাবাসে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি ভাইস প্রেসিডেন্ট ও ওবামার অজানা থাকার কথাই কেবল বলেছেন ভাইস প্রেসিডেন্ট। নিরাপত্তার বিষয়টি পররাষ্ট্র দপ্তর দেখভাল করে।