এই দিনেরই অপেক্ষা করছিল জাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোরে মাজারে আইসে হুজুররে ডাইকে মোনাজাত করিছি। কবর জিয়ারত করিছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, বাঁইচে থাকতি একটা ভালা কাজ দেইখে যাতি পারলাম।’ বলছিলেন আ. রাজ্জাক মোল্লা (৮৬)। বঙ্গবন্ধুর লাশ দাফনকারীদের মধ্যে তিনি একজন। বুধবার দিবাগত রাতে পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পরপরই তিনি ছুটে যান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে। দুপুরে সমাধির উত্তর ফটকে কথা হয় তাঁর সঙ্গে। এই যুগান্তকারী রায় বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতি আজ কলঙ্কমুক্ত হলো। এই দিনেরই অপেক্ষা করছিল সারা জাতি। সন্তোষ প্রকাশ করে বলেন তিনি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তাঁর শৈশব কেটেছে সেখানেই। সপরিবারে হত্যা করা হলেও শুধু তাঁকেই দাফন করা হয় টুঙ্গিপাড়ায়। পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ায় তাঁর জন্মস্থানের মানুষ খুশি, আনন্দিত। মিছিল, মিষ্টি বিতরণ, কবর জিয়ারত, পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে তারা গতকাল দিনটি কাটিয়েছে।গতকাল ভোর থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। অনেক দোকান ও বাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। আশপাশের বিভিন্ন জেলা থেকে মুজিবভক্তরা টুঙ্গিপাড়ায় এসে প্রিয় নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।এই দিনডা দেহাবে বইলে: পঁচাত্তরে স্থানীয় সাহেরা খাতুন রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মচারী ছিলেন আবদুল হাই মেম্বার (৭৫)। তিনি বঙ্গবন্ধুর লাশ বহন করেন, দাফনেও অংশ নেন। তিনি সেই সময়ের স্মৃতি হাতড়ে বলেন, ‘ভাবছিলাম, লাশ দাফনের পর আর্মি আমাগেও গুলি কইরে মারবে। কিন্তু আল্লাহ মনে হয় এই দিনডা দেহাবে বইলে বাঁচায় রাখছে।’লাশ দাফনকারী আরেকজন টুঙ্গিপাড়ার ডাকঘরের সাবেক মাস্টার আনোয়ার হোসেন (৭৫) বলেন, ‘১৫ আগস্ট সকালে রেডিওতে পরথম শুনলাম মেজর ডালিম কচ্ছে, স্বৈরাচার শেখ মুজিব সরকারকে উত্খাত করা হয়েছে, তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমার দাবি, ডালিমসহ অন্য হত্যাকারীদের মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়।’পাঠশালার বন্ধু বলেন: বঙ্গবন্ধুর সহপাঠী সৈয়দ নুরুল হক মানিক মিয়া। একই সঙ্গে তালপাতা আর কঞ্চির কলম নিয়ে যেতেন গিমাডাঙ্গা পাঠশালায়। শুধু পাঠশালাতেই নয়, খেলার মাঠেও সঙ্গী ছিলেন মানিক মিয়া। গতকাল দুপুরে তাঁর বাসায় গেলে অস্পষ্টভাবে জানান তাঁর অভিব্যক্তি। ফাঁসির রায় কার্যকর হওয়ায় তিনি খুশি। ‘তবে যারা এর পেছনে ছিল, যারা দায়মুক্তির আইন পাস করেছিল, খুুনিদের পুরস্কৃত করেছিল, তাদেরও বিচার করা উচিত,’ বলেন তিনি। বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর কেমন সম্পর্ক ছিল, তা-ও জানালেন পরিবারের সদস্যরা। একবার বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে তিনি ঢাকায় যান। তখন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি। বাড়ির প্রধান ফটকে তাঁকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। বঙ্গবন্ধু ঘটনাটি শুনে লিখে দিলেন, ‘মানিক যখনই আসিবে, তখনই ঢুকিতে পারিবে।’কান্না থামাতে পারি না: বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুননেছার বড় বোন শেখ জিন্নাতুননেছা (৮৬) প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এই রায় কার্যকর হওয়ায় খুশি হয়েছি। তবে যখন মনে পড়ে বোন, ভাগ্নে ওরা কেউ নেই, তখন কান্না থামাতে পারি না।’বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন বলেছেন, এখন বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়।