এই নববর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ প্রভাতে অন্ধকার বিদীর্ণ করে সূর্যালোক ঘোষণা করবে নববর্ষের আগমনবার্তা। ঢাকায় মানুষ ছুটবে রমনার বটমূলের দিকে—তাদের অনেকের পরনে থাকবে নতুন পোশাক। কণ্ঠে গান থাকবে অনেকের, মনে মনে গাইবে তো সকলেই। পরস্পরকে অভ্যর্থনা করতে হাত বাড়িয়ে দেবে। যারা এই কড়া রোদে ঘরের বাইরে যাবে না, তাদেরও চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। একটু ভিন্নধরনের খাবারের আয়োজন হবে। ঘরে-বাইরে নববর্ষের জমায়েত বাড়ছে। নববর্ষ হয়ে উঠেছে জাতীয় উৎসব, সর্বজনীন আয়োজন। বাংলা সনের ব্যবহারিক দিকটা এখনো দুর্বল রয়ে গেছে। অথচ ব্যবহারিক প্রয়োজনেই চান্দ্র হিজরি সনকে সৌর সনে রূপান্তরিত করে বঙ্গাব্দের শুরু হয়েছিল। মানুষের ঘরে ফসল তোলার সময়ের সঙ্গে মিলিয়ে রাজার ঘরে রাজস্ব জমা দেওয়ার সময় বেঁধে দেওয়াই ছিল তার লক্ষ্য। নববর্ষের আবির্ভাবের সঙ্গে তাই যুক্ত ছিল হালখাতার উৎসবের। হালখাতার অনুষ্ঠান এখনো হয়, কিন্তু আমাদের বেশির ভাগ অর্থনৈতিক কাজকর্ম হয় খ্রিষ্টীয় পঞ্জিকার হিসাবে। হালখাতার অনুষ্ঠানও তাই প্রতীকী হয়েই থাকছে। যাঁরা অনুযোগ করেন, পয়লা বৈশাখের পরে আমরা আর বাংলা তারিখ মনে রাখি না, তাঁদের বক্তব্যের সারবত্তা স্বীকার করে বলতে হয়, যদি আমরা বাংলা মাসের হিসেবে মাইনে পেতাম, তাহলে রোজকার বাংলা তারিখ ঠিক মনে রাখতাম।নববর্ষ উদ্যাপনের মধ্যে তাই ব্যবহারিক দিকটির চেয়ে প্রতীকী দিকটিই বড়ো। বাংলা পঞ্জিকা, বাংলা নববর্ষের দিনটি, আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রতীক। আমাদের এককালের শাসককুল যে নববর্ষ-উদ্যাপনে বাধা দিয়েছিলেন, তা তার এই প্রতীকমূল্য বিবেচনা করেই। আমরা যে তখন নববর্ষ পালনে তৎপর হয়ে উঠেছিলাম, তাও সেই একই কারণে।সুখের বিষয়, বাংলাদেশের স্বাধীনতালাভের পর নববর্ষ-উদ্যাপনে আমাদের ক্লান্তি আসেনি, বরঞ্চ সমাজজীবনে তা আরো সম্প্রসারিত হয়েছে। পয়লা বৈশাখের উৎসব শুধু নাগরিক মধ্যবিত্তের মধ্যে আর সীমিত নেই।তবে সকল মানুষের মধ্যে এ-উৎসব সঞ্চারিত করার কাজটি এখনো বাকি। তার জন্যে শিক্ষার সম্প্রসারণ এবং দারিদ্র্যের মোচন ঘটানো আবশ্যক। যতদিন তা না হয়, ততদিন নববর্ষ-উদ্যাপন সীমাবদ্ধ থাকবে। তবে, আগে যেমন বলছিলাম, সে-সীমা কিন্তু একটু একটু করে বাড়ছে। আজকের কামনা, নববর্ষের উদ্যাপন বিস্তারলাভ করুক।নববর্ষে সারা বছরের জন্যে নিজের কাছে অঙ্গীকার করার রেওয়াজ আছে। পাশ্চাত্যদেশে নববর্ষে মানুষ সবচেয়ে বেশি অঙ্গীকার করে ধূমপান ত্যাগ করবে বলে। সকলে সে-শপথ যে রাখতে পারে, তা নয়, তবে চেষ্টা করে। ব্যক্তিগত সীমা ছাড়িয়ে এই নববর্ষে দেশের জন্যে যেন আমরা অঙ্গীকার করতে পারি। সকলে সে-সংকল্প রক্ষা করতে হয়তো পারব না। কিন্তু অধিকাংশ যদি তা পালন করতে পারি, তাহলেও হয়তো দেশের কিছু কল্যাণ হবে।নববর্ষের শুভেচ্ছা জনে-জনে ছড়িয়ে যাক।