বিরোধী দলের নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অত্যাচারী এই সরকার বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’ তিনি বলেন, ‘আর একটি যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আর সে যুদ্ধে অবশ্যই আমাদের জয় হবে।’খালেদা জিয়া বলেন, ‘দেশ ও মানুষের জন্য জীবনে সব সময় সংগ্রাম করেছি। আরেকবার সংগ্রাম করতে চাই।’ তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই শরিক হন।’আজ মঙ্গলবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভাস্থলে যাওয়ার আগে তিনি শাহ পরান ও শাহ জালালের মাজার জিয়ারত করেন।বিরোধী দলের নেত্রী বলেন, দেশে এখন লুটপাট, চাঁদাবাজি চলছে অবাধে। এই সরকারের পদে পদে ব্যর্থতা। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য এখন লাগামহীন পাগলা। দেশের মানুষ না খেয়ে আছে।’খালেদা জিয়া বলেন, নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে গড়ে তুলেতে হবে। না হলে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না। খালেদা বলেন, ‘এই নির্বাচন কমিশন চামচা কমিশন।’ তিনি বলেন, সরকার কারচুপি করার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের আওতায় নির্বাচন করতে চায়। কিন্তু তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কে খালেদা জিয়া বলেন, তাদের বিচার করতে হলে নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের নয় বলে খালেদা মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ যখন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পাশে নিয়ে আন্দোলন করে, তখন বলে তারা স্বাধীনতার পক্ষে। আর জামায়াত যখন অন্য দলে যায়, তখন আওয়ামী লীগ বলে, তারা স্বাধীনতার বিপক্ষে। এটাকে আওয়ামী লীগের দ্বৈত নীতি বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, সরকার কয়েকজনকে টার্গেট করে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের নামে প্রহসন করছে।খালেদা জিয়া বলেন, যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় যায়, তাহলে দেশকে এগিয়ে নিতে নতুন নীতিমালা করবে। দেশকে এগোনোর দায়িত্ব নতুন নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন। খালেদা বলেন, তরুণ নেতৃত্বকে জ্যেষ্ঠ নেতারা পরামর্শ দেবেন।জনসভায় চার দলের জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান ও বিএনপির সিলেট মহানগর শাখার সভাপতি ইলিয়াস আলী বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় এলে বর্তমান সরকারের কিছু মন্ত্রীকেও ডাণ্ডাবেড়ি পরাতে হবে। তারা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগে ওইসব নেতাকে ডাণ্ডাবেড়ি না পরালে তাঁদের দাবি পূরণ হবে না। ইলিয়াস আলী বলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের যেসব নেতাদের ডাণ্ডাবেড়ি পরাতে হবে, তাঁরা হলেন কামরুল ইসলাম, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপস, ফারুক খান, মাহবুব উল আলম হানিফ।এদিকে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে প্রচুর লোকের সমাগম ঘটেছিল। বাইরে থেকে প্রায় তিন হাজারেরও বেশি গাড়ি সিলেটে ঢোকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসভাস্থলের আশপাশের বেশির ভাগ সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে।এর আগে গতকাল সোমবার ঢাকা থেকে সিলেট অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ শুরু হয়। তিন হাজারেরও বেশি গাড়ির বহরের ওই রোডমার্চে নেতৃত্ব দেন খালেদা জিয়া। পথে তিনি ছয়টি জেলায় ছয়টি পথসভায় বক্তব্য দেন।