বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফলাফল বিএনপি মানে না। এই নির্বাচন কমিশন যে ব্যর্থ, তা আবারও প্রমাণিত হলো। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর (উত্তর) জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সদস্যরা বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। তিনি গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের টেন্ডার-সন্ত্রাস, দলের ভবিষ্যত্ আন্দোলন পরিকল্পনা নিয়েও কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘ভোলায় কোনো নির্বাচন হয়নি। আমাদের প্রার্থীর সঙ্গে তাঁদের প্রার্থীর কোনো তুলনা হয় না। তিনি ছয়বার সাংসদ ছিলেন। এলাকায় সব উন্নয়ন তিনি করেছেন। আর অন্য প্রার্থী একজন সন্ত্রাসী। ঢাকায় টেন্ডারবাজি করে তিনি অনেক টাকা কামিয়েছেন।’ তিনি বলেন, ‘ভোলায় সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই বিএনপি জয়ী হতো। কিন্তু তারা সন্ত্রাস করে মা-বোনদের পর্যন্ত ভোটকেন্দ্রে যেতে দেয়নি। আমরা এই নির্বাচনের ফলাফল মানি না। নির্বাচন কমিশন যে ব্যর্থ, তাদের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না—তা আবারও প্রমাণিত হলো। এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গত উপজেলা নির্বাচনের সময়েও ব্যাপক সন্ত্রাস করা হয়েছিল।’ বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমরা ভোলায় সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে বলেছিলাম। কেন কমিশন সেখানে সেনাবাহিনী দিল না। সেনাবাহিনী থাকলে নিরপেক্ষ নির্বাচন হতো। আমাদের প্রার্থী বিজয়ী হতো। ভোলায় ভোটের দিন নির্বাচন কমিশনের কোনো সদস্য সেখানে যাননি। তাঁদের উচিত সামান্য সম্মান থাকলে অবিলম্বে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করা।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভোলার ফলাফল নিয়ে উল্লসিত হয়েছেন। কিন্তু আমরা বলতে চাই, চুরি করে, সন্ত্রাস করে জিতে উল্লসিত হওয়ার কিছু নেই।’গ্যাস-পানি-বিদ্যুৎ প্রসঙ্গ: খালেদা জিয়া বলেন, বিদ্যুতের অভাবে পোশাকশিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জেনারেটর দিয়ে কারখানা চালিয়ে খরচ পড়ছে বেশি। এভাবে কারখানা চালিয়ে ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না তারা। টেক্সটাইল ও সুতার ক্ষেত্রেও একই অবস্থা। তিনি বলেন, গত ১৫ মাসে সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উত্পাদন করতে পারেনি। বিগত জোট সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ উত্পাদিত হয়েছে। তখন গ্যাসের কোনো সমস্যা ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা: খালেদা জিয়া বিগত তত্ত্বাবধায়ক সরকার ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের তীব্র সমালোচনা করে বলেন, ‘তাঁরা দুই বছর ক্ষমতায় থেকেছে। দেশের সমস্যা নিয়ে কিছু করেনি। তাঁদের লক্ষ্য একটাই ছিল—বিএনপিকে ধ্বংস করা। মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত আমাদের, তারেকের সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানো হতো।’ ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদের উদ্দেশে তিনি বলেন, ‘তাঁরা ভাবতে পারেন, যত দিন আওয়ামী লীগ আছে, তত দিন তাঁদের হিসাব দিতে হবে না। কিন্তু এই দিন দিন না, আরও দিন আছে। তাঁদের প্রতিটি জিনিসের হিসাব দিতে হবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাঁদের ধরে আনা হবে।’আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান: ছাত্রদলের নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে অবশ্যই আন্দোলন করতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। দেড় বছরের অত্যাচার-নির্যাতনে তারা অতিষ্ঠ হয়ে গেছে। অবশ্যই আন্দোলনের কর্মসূচি দেব। আমরা এখনই দিচ্ছি না এ কারণে যে, আওয়ামী লীগ কি জিনিস—এটা আমরা জনগণকে বোঝাতে চাই। জনগণ এটা না বুঝলে ভবিষ্যতে তারা ভুল করতে পারে।’