এই পরাজয়ের ব্যাখ্যা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে ড্রেসিংরুমের বাইরে ১০-১৫ মিনিট থম মেরে বসে ছিলেন। তারপর ড্রেসিংরুমে ঢুকে বললেন, ‘তোমরাই বলে দাও, আমি কী করব—কাঁদব, না তোমাদের বকাবকি করব?’জেমি সিডন্স অস্ট্রেলিয়ান হয়েও যেন অস্ট্রেলিয়ান নন। নিরাবেগ পেশাদারির বাঁধ মাঝেমধ্যেই ভেঙে দেয় আবেগের স্রোত। রাতে হোটেলে যখন কথা হলো, তখনো তিনি শোকে কাতর। ‘পর পর দুটি ম্যাচে এমন সুযোগ নষ্ট করা...আমি হতাশ-বিধ্বস্ত...আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। কোনো প্রশ্নের উত্তর নেই।’ব্যাখ্যা নেই সাকিবের কাছেও, ‘ছয় মাস ধরে এই তো হচ্ছে! সুযোগ পাচ্ছি আর সেটিকে হাতছাড়া করে ফেলছি। আজ আরেকটি যোগ হলো।’ সিডন্সের কাছে অবশ্য এর ব্যাখ্যা আছে, ‘আমাদের একটা হয় তো আরেকটা হয় না। প্রথম ম্যাচে বোলিং খুব বাজে হলো আর এই ম্যাচে ব্যাটিং। বোলিংয়ে আমরা যা ভেবেছিলাম, যা করতে চেয়েছিলাম তার সবই করতে পেরেছি। কিন্তু ব্যাটিংয়ে গিয়ে টিম রুল-টুল সব ভুলে গেলাম।’বোলিংয়ে যা করতে চেয়েছিলেন...মানে? অস্ট্রেলিয়া ৬৫/৬ হয়ে যাবে—এতটা কি সিডন্সের দূর কল্পনাতেও ছিল? ম্যাচটা কি তা হলে শেষ ৪ ওভারেই হাতছাড়া হয়ে গেল, যাতে ৫২ রান তুলে অস্ট্রেলিয়া পৌঁছে গেল ১৪১-এ?সাকিব মানতে রাজি নন, ‘টি-টোয়েন্টিতে ১৪০ আরামে চেজ করা উচিত। যত বড় বোলারই থাকুক, উইকেট যেমনই হোক, এটা করতে না পারার কোনো কারণ নেই।’ কারণ তো অবশ্যই আছে। নইলে বাংলাদেশ পারল না কেন? সাকিবের চোখে সেই কারণ, ‘প্রথম চার ওভারেই ৪ উইকেট হারিয়ে ফেলা।’সিডন্স যে টিম রুলের কথা বলছেন, সেটির মূল কথা ছিল প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারানোর চেষ্টা করা। পড়লেও যেন দুটির বেশি না পড়ে। দুটি পড়ে গেলে পরের ব্যাটসম্যানদের কাজ হবে অন্তত ৮-১০ ওভার প্রথাগত ব্যাটিং করে শেষ ৫ ওভারে গিয়ে চালানো। এ কারণেই সিডন্সের প্রশ্ন, ‘আফতাব কেন অমন একটা শট খেলল? সাকিবই বা এমন মারতে গেল কেন?’সাকিব মারতে গেছেন, কারণ স্টিভ স্মিথের ওই বলটা মারার জায়গাতেই ছিল বলে তাঁর দাবি, ‘ও যখন গুগলি করছিল, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম জায়গামতো লেগ স্পিন পেলে মারব। ওই বলটা লেগ স্পিন ছিল, জায়গায় ছিল—মারাটাও ঠিকই ছিল। যদি বুঝতাম, আমি গুগলি বুঝতে পারিনি, তা হলে নিজেকে দোষ দিতাম। বলটা মাঠ পার হলো না সেটি ব্যাটের একেবারে আগার দিকে লেগেছে বলে।’ওই শট খেলায় দোষ না দেখতে পারেন, কিন্তু দুঃখটা কি একটুও কমছে তাতে? শুরুর ওই ধসের পরও তিনি বা মুশফিকের কেউ একজন শেষ পর্যন্ত থাকতে পারলে যে হয়ে যেত বলে বিশ্বাস সাকিবের।১০ মাস আগে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি বাংলাদেশের জন্য ‘লজ্জা’ হয়, ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম তা হলে আক্ষেপ। সেবার ভারতের কাছে প্রত্যাশিত পরাজয়ের পর আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত পরাজয়। এবার দুটি ম্যাচেই জয়ের সুবাস পেতে পেতে তা হারিয়ে ফেলা। অস্ট্রেলিয়ার ম্যাচটিতে যোগ হলো আরেকটি আক্ষেপ, ইস্, তামিমটা যদি থাকত!জেমি সিডন্স তামিমের অভাব খুব বোধ করেছেন। মনে হয়েছে, রকিবুল থাকলেও হয়তো ইনিংসটা ধরে রাখার কাজটা করতে পারত। বাইরে বসে খেলা দেখতে দেখতে আক্ষেপে পুড়েছেন তামিমও, ‘খুব কষ্ট লাগছে। বারবার শুধু মনে হচ্ছে, আমি থাকলে যদি ৩০-৪০ রানের একটা ইনিংস খেলে দিতে পারতাম, তাহলেই তো হয়ে যেত।’একটু আগে উমর আকমলের রুম থেকে ঘুরে এসেছেন। পাকিস্তানি ব্যাটসম্যানের সঙ্গে সেই অনূর্ধ্ব-১৯-এর সময় থেকে বন্ধুত্ব। উমর আকমল অনিচ্ছাকৃতভাবে তামিমের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বলেছেন, ‘বাংলাদেশের দুটি ম্যাচই জেতা উচিত ছিল। তোমরা কী করলে?’কাল সুপার এইট শুরুর দিনে ইংল্যান্ড সফরে যাওয়ার পথেও বোধ হয় এই প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন জেমি সিডন্স!