এই পরীক্ষার সফলতাতে জীবনের লক্ষ্য হবে বড়
তোমাদের সবাইকে অভিনন্দন। আজ থেকে ৪২ বছর আগে আমিও তোমাদের মতো এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। শিহরণ ছিল অনেক বেশি। নিজের স্কুলের বাইরে বৃত্তি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এসএসসি পরীক্ষা দেওয়ার শিহরণ, প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। এই বড় পরীক্ষার মধ্যমণি তোমরা, প্রধান আকর্ষণও তোমরা। তোমাদের বাবা-মা, শিক্ষকেরা আশা করে আছেন তোমরা এই পরীক্ষায় খুব ভালো করবে, তাদের আশা পূরণে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। একদল মেধাবী সহপাঠীসমৃদ্ধ মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র হওয়ার সুবাদে পড়ালেখাটাকে কখনো আমাকে প্রতিযোগিতা হিসেবে দেখতে হয়নি, জ্ঞান ও দক্ষতা অর্জনের হাতিয়ার হিসেবে দেখেছি, ফলাফলটি সব সময়ই উপজাত হিসেবে এসেছে। আমার বয়সী অথবা বয়সে যারা বড়, তাঁদের দেশের পক্ষে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। সে রকম সুযোগ আর তোমাদের জন্য এখন নেই। তবে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার মূল লক্ষ্য এখনো আমরা অর্জন করতে পারিনি। আঠারো শতাব্দীর শুরুতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশের একটি ছিল। এখন কিন্তু এর বিপরীত অবস্থা। দেশের এই দুর্বল ভাবমূর্তিকে সবল করতে, সম্মানজনক করতে তোমাদের একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। পৃথিবীর যে দেশটি এক সহস্রাংশ জায়গায় ২৪ সহস্রাংশ মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে, তাকে অত্যন্ত উৎপাদনশীল হতে হবে, জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তির সঠিক ও সৃজনশীল ব্যবহারের মাধ্যমে দেশের নানা সমস্যার সমাধান করতে হবে। তাই তোমাদের জন্য জ্ঞানার্জন এবং দেশের সমস্যা সমাধানে তার ব্যবহার হবে মুক্তিযুদ্ধের সমান। সেই হাতিয়ারটি তোমার থাকলেই আসল কাজ হয়ে গেছে, পরীক্ষার ফলাফল হবে উপজাত। আমার এক খুব ভালো ছাত্রবন্ধু সকালের গণিত পরীক্ষায় খারাপ করেছিল, মধ্যবর্তী বিরতিতে দেখা হতে তাকে খুব সহজ মনে হলো। আমি জিজ্ঞাসা করলাম, তার নাকি কয়টি অঙ্ক ভুল হয়েছে। সে তার সত্যতা স্বীকার করল। কিন্তু তাকে দেখে বিন্দুমাত্র বিচলিত মনে হলো না। সে বলল, মন খারাপ করলে তো সামনের পরীক্ষাও খারাপ করব। হঠাৎ একটি পরীক্ষা খারাপ হয়ে গেলে তোমরাও সামনের দিকে তাকাবে, মন খারাপ করবে না।পরীক্ষার আগের রাতে বেশি জেগে থাকবে না। পরীক্ষার হলে একটু আগে পৌঁছানো ভালো। দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষার ফলাফল আমরা গ্রেড দিয়ে বিবেচনা করি। গণিতে ১০০ পেলে কেউ বাহবা দিতে আসবে না—১০০ ও যা, ৮০ ও তা-ই। তাই গ্রেডের দৌড়ে পিছিয়ে না পড়ার জন্য সব বিষয়ে ভালো গ্রেড পাওয়া বেশি গুরত্বপূর্ণ, যদিও ৮০ তে এ+ পাওয়া গণিত বিষয়ে সন্তুষ্ট থাকা ভবিষ্যতে বিড়ম্বনার নানা কারণ হবে।যে প্রশ্নের উত্তর ভালো জানো তা দিয়ে উত্তর শুরু করতে পারো। উত্তর করা প্রশ্নে মার্ক রাখা ভালো, যাতে করে কোনো প্রশ্নের উত্তর যেন বাদ না পড়ে। সময়ের দিকেও নজর রাখবে, যেন জানা উত্তরের কোনো প্রশ্নের উত্তর করা বাদ না থাকে। আবার পরীক্ষার শেষের দিকে রিভাইজ করার সময়ও রাখা উচিত, যাতে করে ভুলগুলো ঠিক করা যায়।এই পরীক্ষার সফলতাতে তোমাদের জীবনের লক্ষ্য হবে বড়, মন হবে উদার। আত্মবিশ্বাস হবে আকাশছোঁয়া, দেশ হবে বড় বড় স্বপ্নের অফুরন্ত প্রাণশক্তিতে সমৃদ্ধ। লেখক: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।