এই প্রজন্ম ইতিহাস পড়ে না: অধ্যাপক নূরুল ইসলাম
তিনি ছিলেন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য। স্বাধীনতার পরপরই তিনি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে এ দেশকে গড়ে তোলার কাজে ব্যস্ত ছিলেন। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক নূরুল ইসলাম এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী। এ দেশকে নিয়ে সব সময়ই ভাবেন। স্বাধীনতার ৪০ বছর পর সেই বাংলাদেশ এখন কোন পথে রয়েছে, তা নিয়ে রয়েছে এই সুধীজনের বিভিন্ন ভাবনা। তিনি আজ সোমবার আমন্ত্রিত হয়ে এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। অনানুষ্ঠানিক পরিবেশে তিনি বিশিষ্টজনদের সঙ্গে মিলিত হয়েছিলেন প্রাণবন্ত আলোচনায়।অধ্যাপক নূরুল ইসলাম আলোচনা করেন মূলত কয়েকটি বিষয় নিয়ে। বাংলাদেশের তরুণ প্রজন্মের ইতিহাসপাঠ, ভারত-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির বিভিন্ন দিক। অধ্যাপক নূরুল ইসলামের সঙ্গে আলোচনায় অংশ নেন রাজনীতিক মাহমুদুর রহমান মান্না, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, অর্থনীতিবিদ খলীকুজ্জমান, এমএম আকাশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহিত-উল-আলম, ড. তসলিম, আসিফ নজরুল, সাবেক সচিব তৌফিক আলী, সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, রমণীমোহন দেবনাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, লেখক সৈয়দ আবুল মকসুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সোহরাব হাসান। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।নূরুল ইসলাম আলোচনার শুরুতেই বর্তমান প্রজন্মের ইতিহাসের পাঠ নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এখনকার প্রজন্মের সঙ্গে কথা বললে বোঝা যায়, ইতিহাস নিয়ে এদের কোনো মাথাব্যথা নেই। তিনি আরও বলেন, এই প্রজন্ম ইতিহাস যা জেনেছে, সবই মা-বাবার সঙ্গে চায়ের টেবিলে বসে। নিজের উদ্যোগে ইতিহাসপাঠের আগ্রহটা এই প্রজন্মের মধ্যে নেই বললেই চলে।এ সময় আলোচকদের অনেকেই বলেন, ইতিহাস নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দ্বন্দ্বই ইতিহাসের প্রতি বর্তমান প্রজন্মের একধরনের নির্লিপ্ততা তৈরি করেছে।এ সময় মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আমীন আহমদ চৌধুরী বলেন, ‘আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে লিখতে পারিনি।’ তিনি ইতিহাসের নায়কদের ইতিহাস লিখে না যাওয়াই এর বিকৃতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ দেশে সুস্থ ছাত্র-রাজনীতির যেদিন থেকে ইতি ঘটেছে, সেদিন থেকে ছাত্রদের ইতিহাসের প্রতি আগ্রহও কমে গেছে। ইতিহাসের চর্চাও বন্ধ হয়ে গেছে।নূরুল ইসলাম এ সময় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে মুক্তিযুদ্ধের চেতনা কী—এ বিষয়ে প্রশ্ন করেন।মুহম্মদ জাহাঙ্গীর বলেন, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র—এই চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। এগুলোই মুক্তিযুদ্ধের চেতনা।আসিফ নজরুল এ প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ‘অসাম্প্রদায়িকতা’ শব্দটি থাকলেও কোথাও ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়নি। অধ্যাপক নূরুল ইসলামও এ বিষয়ে আসিফ নজরুলের সঙ্গে একমত পোষণ করেন।বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষাব্যবস্থা, বাংলা, ইংরেজি ও মাদ্রাসা—এই তিন ভাগে বিভক্ত হয়ে যাওয়াই ইতিহাসের পাঠ কমে যাওয়ার আরেকটি কারণ।অধ্যাপক এম এম আকাশ বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিহাস পড়ার ব্যবস্থা আছে। তবে ইতিহাস বিষয়ে পাঠ্যপুস্তকের অভাব রয়েছে।তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাসের পাঠ ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে অধ্যাপক নূরুল ইসলাম বলেন, শিক্ষকেরা এখন আর ছাত্র-ছাত্রীদের ইতিহাস পড়তে উত্সাহিত করেন না। সে কারণেই ইতিহাসের প্রতি আগ্রহ কমে গেছে। তিনি বলেন, স্কুল থেকেই এ বিষয়ে সচেতনতা জরুরি। স্কুলের ছাত্রদের ইতিহাসের পাঠ বাধ্যতামূলক করতে হবে।বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনার টেবিলে জিততে হলে ভারতের চেয়েও আমাদের সক্ষমতা বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।’