এই প্রথম মাহফুজ ও মৌ
মাহফুজ আহমেদ ও মৌ আলাদাভাবে বিভিন্ন টিভি নাটকে অভিনয় করেছেন। কিন্তু কখনো একই নাটকে অভিনয় করা হয়নি তাঁদের। এবারই প্রথম তাঁরা দুজন একসঙ্গে একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘দ্বিতীয় অধ্যায়’। পরিচালনা করেছেন কৌশিক শঙ্কর দাশ। আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হচ্ছে।‘দ্বিতীয় অধ্যায়’ নাটকে মাহফুজকে দেখা যাবে শিহাবের ভূমিকায়। সাদিয়া ইসলাম মৌ অভিনয় করছেন শোভা চরিত্রে। এতে দেখা যাবে, ভালোবেসে পরিবারের বাধার মুখে শিহাবকে বিয়ে করেছিল শোভা। অন্তঃমুখী শিহাব বিয়ের বছর না পেরোতেই কেমন যেন বদলে যায়। শুধু কাজ আর কাজ। শোভাকে সে সময় দিতে পারে না। একটা সময় বাধ্য হয়েই নিজের আলাদা দুনিয়া তৈরি করে নেয় শোভা। সে দুনিয়ায় তার দুজন স্বামী। একজন অন্তঃমুখী স্বামী শিহাব। অন্যজন বেশ রোমান্টিক। দুই স্বামীকে নিয়ে একসময় ধাঁধায় পড়ে শোভা।জানা গেছে, ‘দ্বিতীয় অধ্যায়’ নাটকে তাঁকে দেখা যাবে নৃত্যশিল্পী হিসেবেই। মজার ব্যাপার হচ্ছে নাটকটির দ্বৈত চরিত্রে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদ ও মৌ অভিনীত ‘দ্বিতীয় অধ্যায়’ নাটকটি ঈদে বাংলাভিশনে দেখানো হবে।