এই প্রথম মিলন-পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটপর্দার অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। অন্যদিকে চলচ্চিত্র অভিনয়শিল্পী সাদিকা পারভীন পপি বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও কাজ করছেন। এবারই প্রথম এই দুই অভিনয়শিল্পী এক নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘ভেজা হাওয়া ভেজা ঢেউ’। পরিচালনা করছেন সৈয়দ জামিম।২৬ এপ্রিল থেকে কক্সবাজারে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা। আজ শুক্রবার শুটিং শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁদের। কক্সবাজার থেকে মুঠোফোনে মিলন প্রথম আলো ডট কমকে বলেন, ‘এটি আমার ও পপির জুটি হয়ে প্রথম টিভি নাটকে অভিনয়। সহশিল্পী হিসেবে বলতে হয় কাজের ব্যাপারে পপি অনেক সিনসিয়ার। আর তাই কাজটি করে বেশ ভালো লাগছে।’নায়িকা পপিকে নিয়ে কাজ করার বিষয়ে পরিচালক সৈয়দ জামিম বলেন, ‘পপিকে নিয়ে কাজ করার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। কিন্তু সে রকম গল্প পাচ্ছিলাম না। এবারের নাটকটির চিত্রনাট্য তৈরির পরপরই চিন্তা করেছিলাম পপিই এ নাটকের জন্য উপযুক্ত। তিনিও চিত্রনাট্যটি দেখার পর কাজটির ব্যাপারে আগ্রহী হন। পপিকে পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত।’ভেজা হাওয়া ভেজা ঢেউ নাটকে দেখা যাবে, পারিবারিক পছন্দে বিয়ের পর পপি মধুচন্দ্রিমায় কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যান। কিন্তু অল্প সময়েই মধুচন্দ্রিমা তাঁর কাছে হয়ে ওঠে বিষাক্ত। সেখানে তিনি দেখতে পান স্বামীর আসল রূপ। আগের বিয়ের কথা গোপন রেখেছেন তিনি পপির কাছে। এমনকি আগের বউয়ের সঙ্গে গোপনে এখনো যোগাযোগ রাখছেন তাঁর স্বামী। বিষয়টি জানতে পেরে পপি মানসিকভাবে ভেঙে পড়েন। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ভেজা হাওয়া ভেজা ঢেউ নাটকের গল্প।ভেজা হাওয়া ভেজা ঢেউ নাটকে মিলন ও পপি ছাড়া আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, হ্যাপিসহ আরও অনেকে।উল্লেখ্য, ফটোসুন্দরী হিসেবে আত্মপ্রকাশ করে চলচ্চিত্রেই ক্যারিয়ার শুরু করেছিলেন পপি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে অনিয়মিতভাবে পপি টিভি নাটকেও অভিনয় করছেন। এর আগেও তিনি ‘মেঘে ঢাকা চাঁদ’, ‘রোশনাই’, ‘জল’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন।