এই প্রথম রাজ্জাকের পরিচালনায় মামুনুর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম একসঙ্গে কাজ করছেন বড় ও ছোট পর্দার প্রখ্যাত দুই শিল্পী নায়করাজ রাজ্জাক ও মামুনুর রশীদ। মান্নান হীরার রচনা ও রাজ্জাকের পরিচালনায় ‘সাঁকো’ নামের টেলিছবিতে অভিনয় করছেন মঞ্চ ও টেলিভিশনের শক্তিমান অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ।পরিচালক সূত্রে জানা গেছে, ৩ মার্চ থেকে পুবাইলের ভাদুন এলাকায় এই টেলিছবির শুটিং শুরু হয়েছে। আজ ৫ মার্চ শুটিং শেষ হওয়ার কথা। টেলিছবির বিষয়বস্তু সম্পর্কে রাজ্জাক বলেন, মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী সময়ের প্রেক্ষাপটে এই টেলিছবির কাহিনি গড়ে উঠেছে। মুক্তিযুদ্ধের আদর্শিক দিকটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সে সময় যে কারণে বা যে ভাবনা থেকে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার একটি প্রতিচ্ছবি পাওয়া যাবে এই টেলিছবিতে।মামুনুর রশীদ জানান, ‘রাজ্জাক ভাইয়ের পরিচালনায় এটাই আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগছে। ছবির পাণ্ডুলিপি আমার কাছে অসাধারণ মনে হয়েছে।’ ‘সাঁকো’ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাকের ছেলে চিত্রাভিনেতা সম্রাট, লাক্স তারকা বিদ্যা সিনহা মীম, সুপার হিরো সুপার হিরোইন তারকা ঈশিতা, আহসানুল হক মিনুসহ আরও অনেকে। মীম জানান, ‘এর আগে সহশিল্পী হিসেবে রাজ্জাক আংকেলের সঙ্গে কাজ করেছি। তবে তাঁর পরিচালনায় এই প্রথম অভিনয় করছি। বেশ ভালো লাগছে।’