এক দিনের ব্যবধানেই ঢাকা শেয়ারবাজারে লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। আজ লেনদেন ছাড়িয়েছে এক হাজার ৫০০ কোটি টাকা। সেই সঙ্গে সাধারণ সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে পার হয়েছে ৫৩০০ পয়েন্টের ঘর।লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাজার শুরুর দিকে দাম বাড়া-কমাতে পার্থক্য না থাকলেও দিন শেষে শেয়ারবাজারে দাম বেড়েছে ১২১টি প্রতিষ্ঠানের, কমেছে ১১১টি প্রতিষ্ঠানের দাম।দামবৃদ্ধি হওয়া প্রতিষ্ঠানের তালিকায় আজ বেশির ভাগই ছিল মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, বিদ্যুত্-বিমা খাতের প্রতিষ্ঠান। গতকাল ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও আজ অনেকটাই কমেছে।এদিকে আজ মিউচুয়াল ফান্ডসহ গ্রামীণফোন এবং ব্যাংকের প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন বেশি হওয়ার কারণেই লেনদেন এক হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। এসইসির মিউচুয়াল ফান্ডের বিপরীতে আপিল না করার সিদ্ধান্ত বিনিয়োাগকারীদের জন্য ইতিবাচক হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।এদিকে আজ গ্রামীণফোনের দাম গতকালের তুলনায় যেমন বেড়েছে, তেমনি লেনদেন হয়েছে প্রায় ১২৮ কোটি টাকার। গ্রামীণফোন গতকাল গড়ে ২৫২ থেকে ২৫৪ টাকার মধ্যে লেনদেন হলেও আজ লেনদেন হয়েছে ২৭৫ থেকে ২৮৮ টাকার মধ্যে। গ্রামীণফোনের শেয়ারের দাম এক দিনে এতটা বৃদ্ধি পাওয়ায় ডিএসই কর্তৃপক্ষ কারণ জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে। গ্রামীণফোন ছাড়া মিউচুয়াল ফান্ডগুলোর দামও আজ অনেকটা বেড়েছে।এদিকে উত্তরা ফিন্যান্স শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য আলাদা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠন করবে বলে জানিয়েছে।এ ছাড়া ফাইন ফুডস কোনো লভ্যাংশ ঘোষণা না করায় প্রতিষ্ঠানটি কাল থেকে বি ক্যটাগরির বদলে জেড ক্যটাগরিতে লেনদেন করবে। অন্যদিকে আলহাজ টেক্সটাইল ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় জেড ক্যটাগরি থেকে এ ক্যটাগরিতে আনা হয়েছে বলে জানিয়েছে ডিএসই।