বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় থাকতে ও আবার ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এই প্রস্তাব মানি না। এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’ আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের দুটি সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে এই ইফতারের আয়োজন করে। খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের নানা কাজের সমালোচনা করে বলেন, ‘এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এদের কারণে দেশের মানুষ আজ ভালো নেই।’ বিরোধীদলীয় নেতা বলেন, সারা দেশে লুটপাট আর চাঁদাবাজি শুরু হয়েছে। সরকারদলীয় ও তাদের অঙ্গ সংগঠন, আত্মীয়স্বজনেরা এই লুটপাটের সঙ্গে যুক্ত। সাংবাদিকদের নিরাপত্তা নেই, স্বাধীনতা নেই। এ জন্য সাংবাদিকেরাও সরকারের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করছেন। ঈদের পর তাঁরা কঠোর কর্মসূচিও দেবেন বলে জানি। তিনি সরকারের বিরুদ্ধে এক প্লাটফর্ম থেকে আন্দোলন করতে সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন বলেন, এই প্রস্তাব মানার কোনো কারণ নেই। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে এমন প্রস্তাব দিয়েছে। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। আন্দোলনের মাধ্যমে সেই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। তিনি ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। ইফতারে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিএনপির নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক আবদাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।