এই বিশ্বকাপ স্পিনারদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপ কার? অস্ট্রেলিয়ার, ভারতের, শ্রীলঙ্কার...মতভেদ আছে। তবে এ নিয়ে সবাই একমত, এই বিশ্বকাপ স্পিনারদের!স্পিনের চাহিদা তো বেশি থাকবেই, এমন অনেক ম্যাচও দেখা যেতে পারে, বোলিং উদ্বোধন করছেন স্পিনাররা। সেদিন চেন্নাইয়ের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসার ক্রিস পোফুর সঙ্গে অফস্পিনার প্রসপার উতসেয়াকে দিয়ে বোলিং শুরু করিয়ে জিম্বাবুয়ে অন্তত সেই ইঙ্গিতটা দিয়েছে। জিম্বাবুয়ে কোচ অ্যালান বুচার বলছেন, ‘আমাদের জন্য অবশ্যই এটা একটা বিকল্প। এক বছর অথবা তারও বেশি সময় ধরে এটি আমাদের কৌশলের অংশ হয়ে রয়েছে। এতে আমরা অভ্যস্তও হয়ে গেছি।’স্পিন দিয়ে বোলিং উদ্বোধন করার দুঃসাহস প্রথম দেখান নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো, ১৯৯২ বিশ্বকাপে। অফস্পিনার দীপক প্যাটেলকে দিয়ে বোলিং করিয়ে।জিম্বাবুয়ের মতো বাংলাদেশেরও মূল শক্তি স্পিনাররা। শুধু অঘটন ঘটিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার আশায় থাকা ছোট দলগুলোই নয়, উইকেট, কন্ডিশন মাথায় রেখে বড় দলগুলোরও পরিকল্পনা স্পিন-কেন্দ্রিক। ভারতীয় দলে বিশেষজ্ঞ স্পিনার তিনজন—হরভজন, পীযূষ চাওলার সঙ্গে তৃতীয় স্পিনার অশ্বিন। সঙ্গে পার্টটাইমার শেবাগ, যুবরাজ, ইউসুফ পাঠান, রায়না।দুটি প্রস্তুতি ম্যাচে তার আভাস মিলেছেও। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দুদলই হরভজন, চাওলা, অশ্বিনদের স্পিন-বিষে নীল। অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। নিউজিল্যান্ডের সাত ব্যাটসম্যান স্পিনের শিকার।স্পিনকে গুরুত্ব দিচ্ছে পেস বোলিং-প্রধান দলগুলোও। এমনকি দক্ষিণ আফ্রিকা দলে বিশেষজ্ঞ স্পিনার তিনজন—বোথা, পিটারসনের সঙ্গে ইমরান তাহির। প্রস্তুতি ম্যাচে এই তিন স্পিনারকেই বাজিয়ে দেখেছে প্রোটিয়ারা। তিনজনই সফল। ১৪ দলের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়াই এসেছে পেসারদের ওপর ভরসা করে। তার পরও তাদের দলে রয়েছেন একজন বিশেষজ্ঞ স্পিনার জেসন ক্রেজা, সঙ্গে পার্টটাইমার মাইকেল ক্লার্ক, ডেভিড হাসি এবং স্পিন অলরাউন্ডার স্টিভেন স্মিথ। ইংল্যান্ড দলে দুই বিশেষজ্ঞ স্পিনার গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল। প্রয়োজন মেটাতে মাইকেল ইয়ার্ডি, পিটারসেনরা তো আছেনই।শ্রীলঙ্কা যুদ্ধে নামছে মুরালিধরন, অজন্তা মেন্ডিস, হেরাথ—তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। দিলশান, চামারা সিলভা, সামারাবীরারা প্রস্তুত অধিনায়কের জরুরি ডাকে সাড়া দিতে। আবদুর রেহমান, সাঈদ আজমল, অধিনায়ক আফ্রিদির সঙ্গে পাকিস্তান দলে পার্টটাইম স্পিনার মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ শফিক। দরকার হলে মিসবাহও হাত ঘোরাতে পারেন। সুতরাং, স্পিনারদের রাজত্ব উপভোগের প্রস্তুতি তাই আগে থেকেই নিয়ে রাখা ভালো! ওয়েবসাইট।