এই বৈষম্য আমরা চাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম দেশকে স্বাধীন করার জন্য। পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে। দেশটি কেমন হবে, তখন হয়তো সে বিষয়ে বিস্তারিত চিন্তা করিনি। আমাদের প্রথম লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করতে হবে। কেননা আমরা বুঝেছিলাম, পাকিস্তানিদের সঙ্গে থাকা যাবে না। অবশ্য পরে ধীরে ধীরে চিন্তা আসে, স্বাধীন তো হব, তারপর কী হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না; প্রতিটি নাগরিক রাষ্ট্রের সমান সুযোগ পাবে, সমান অধিকার পাবে, সেটাই মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল। অর্থাৎ, একজন ধনী লোকের সন্তান লেখাপড়ায় তেমন ভালো না হয়েও ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়বে, আর একজন গরিব লোকের সন্তান অসাধারণ মেধাবী হওয়া সত্ত্বেও ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে, এ ধরনের বৈষম্য আমরা চাইনি।আমরা এমন একটি দেশ চেয়েছিলাম, যেখানে মানুষ দুমুঠো অন্নের জন্য হাহাকার করবে না। এমন ব্যবস্থা থাকবে, যেখানে খেয়েপরে বেঁচে থাকা কঠিন হবে না। সবাই হয়তো প্রচুর সম্পদের মালিক হবে না, কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান ন্যূনতম মৌলিক চাহিদাগুলো মেটাতে পারবে। আমরা এমন একটি দেশ চেয়েছিলাম, যেখানে যোগ্যতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে নিজ নিজ ভাগ্য গড়তে পারবে।আমাদের অনেক অর্জন আছে। আবার অনেক কিছু অর্জন করতে পারিনি, সে কথাও সত্য। এখন কিন্তু মানুষ দুই বেলা খেতে পারছে। না খেয়ে কেউ মারা গেছে, সে রকম খবর কোথাও দেখিনি। প্রায় সব ছেলেমেয়েই প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। যাদের অবস্থা একটু ভালো, তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা নিচ্ছে। অষ্টম শ্রেণীতে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। তুলনামূলকভাবে কৃষিক্ষেত্রে আমাদের অর্জন অনেক বেশি। ১৯৭১ সালে দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা ছিল ৭৫ শতাংশ, বর্তমানে সেটি ৩০ শতাংশে নেমে এসেছে। তখন দারিদ্র্যের মাত্রাও ছিল চরম। এখন অন্তত প্রত্যেকের গায়ে কাপড় ও পায়ে এক জোড়া স্যান্ডেল আছে। আমরা আশা করি, ২০৩০ সালের মধ্যে দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসতে পারব। সেই সঙ্গে মানুষে মানুষে বৈষম্যও কমিয়ে আনতে হবে।