বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে গানের অনুষ্ঠান একই সীমান্তে। এখানে কুমার বিশ্বজিতের কিছু জনপ্রিয় গান করবেন এ সময়ের শিল্পীরা। তাদের সঙ্গে কুমার বিশ্বজিৎ নিজেও গান করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন। কথা হলো কুমার বিশ্বজিতের সঙ্গে।শুনেছিলাম, আপনি নাকি ‘একই সীমান্তে’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন?না, না। আসলে বাংলাভিশন থেকে প্রস্তাবটা ওই রকমই ছিল। কিন্তু আমি ট্র্যাকের বাইরে যেতে চাই না। একটু-আধটু গাইতে পারি। ওটা নিয়েই থাকতে চাই। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিশিষ্ট গীতিকার এবং আমার বন্ধু আসিফ ইকবাল। আর গান করেছে রন্টি দাস, কিশোর, সাব্বির ও পুলক। ওরা অনেক দিন থেকে আমার গানগুলো করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছিল। এবার আমিও রাজি হয়ে গেলাম।আপনার গানগুলো ওদের কণ্ঠে কেমন লেগেছে?খুবই ভালো লেগেছে। আরও ভালো লাগছে এই ভেবে যে এই বয়সেও আমি এসব ছেলেমেয়ের সঙ্গে পাল্লা দিতে পারছি। এখানে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার রন্টি দাস, কিশোর, সাব্বির ও পুলক গান করেছে। গানগুলো হলো ‘এখন অনেক রাত’, ‘সুখ ছাড়া দুখ’, ‘দরদিয়া’ ও ‘প্রেমের মানুষ’। আর আমি গেয়েছি ‘ছোট ছোট আশা’ ও ‘মা’ গান দুটি।আপনি তো অডিও ও ভিডিও সিডি প্রস্তুতকারকদের সংগঠন এমআইবির সভাপতি। এবার ঈদে কোনো প্রতিষ্ঠানই তেমন কোনো উল্লেখযোগ্য অডিও অ্যালবাম বের করেনি। এর কারণ কী?অনেক কারণ। পাইরেসি সমস্যা তো প্রযোজকদের একেবারেই বসিয়ে দিয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও অসাধু ব্যবসায়ীরা কম্পিউটারে ব্যবহারযোগ্য নন-ব্র্যান্ডেড সিডির মাধ্যমে পাইরেসি অব্যাহত রেখেছে। এ ছাড়া এফএম রেডিওর মাধ্যমে শ্রোতারা নিয়মিতই গান শুনতে পারছে। রিং টোন হচ্ছে। মোবাইল ফোনে ডাউনলোড করছে। একটা অ্যালবামের পেছনে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণ অর্থ খরচ হয়, তা তুলে আনা এখন কঠিন হয়ে পড়েছে। তাই অনেকেই এখন অ্যালবাম প্রকাশের ব্যাপারে আগ্রহী হচ্ছে না।এবার আপনার নিজের অ্যালবামের কাজের খবর বলুন।কিছুদিন আগেই জানিয়েছিলাম, আমার পুরোনো গানগুলো নিয়ে চারটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছি। কাজটা এখন অনেক দূর এগিয়েছে। এই অ্যালবামগুলোর মধ্যে থাকবে সেমি-ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ধাঁচের, লোক আঙ্গিক ও খুব জনপ্রিয় হওয়া গান। ৫০টি গান নির্বাচন করেছি। গোল্ডেন সংস অব কুমার বিশ্বজিৎ নামের অ্যালবামটি আগামী বছর শ্রোতারা হাতে পাবে।