এই রাজনীতি খুন করতে শেখায়!
‘এই পড়াশোনা আমাকে খুন করতে শেখায়’, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি’—এসব লেখা প্লাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে ছিল অনেকেই। ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকরের মৃত্যুতে তাঁর বিভাগের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। মাথায় কালো কাপড় বেঁধে, বুকে কালো ব্যাজ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করছিলেন ‘অনিরাপদ ছাত্রছাত্রীরা’। ক্ষমতাসীন অথবা বিরোধী দলের সমর্থনপুষ্ট ছাত্রসংগঠনগুলোর দৌরাত্ম্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলেই যে অনিরাপদ, তা বোঝা গেল তাঁদের কথাতেই। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়ানো এক শিক্ষার্থী বলছিলেন, ‘আবু বকর তো কোনো দিন রাজনীতি করত না। সে ক্যাম্পাসে আসত, ক্লাস করত আবার হলে চলে যেত। অথচ হলের মধ্যে নিজের রুমের ব্যালকনিতে আহত হয়ে তাকে মরতে হলো।’ তাঁর পাশ থেকে আরেকজন বলে উঠলেন, ‘এইটা কি ফাইজলামোর জায়গা নাকি? ছাত্রলীগ-ছাত্রলীগ মারামারি করবে আর আবু বকরের মতো নিরীহ ছেলেরা প্রাণ দিবে। যাদের কারণে আবু বকর মারা গেছে, তাদের সবারই কঠোর শাস্তি হওয়া উচিত।’ কিন্তু তাদের শাস্তি আদৌ হবে কি না, এ নিয়েও সন্দিহান অনেকেই। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী হত্যার ন্যায়বিচার পাওয়া যায়নি কখনো। এমনকি বিচার চাওয়াটাও যেন অন্যায়। বৃহস্পতিবার কলাভবনের গেটের সামনে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করার জন্য জড়ো হলে ছাত্রলীগের ছেলেরা তাঁদের বারবার বাধা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলছিলেন, ‘ছাত্রলীগের জন্যই তো আজ আবু বকরের মায়ের কোল খালি হয়েছে। এখন শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে মিছিল বের করে তাহলে তো তাদের লেবাস খুলে যাবে।’ ইসলামের ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘আবু বকর মারা যাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছুটে যাই। সেখানেও গিয়ে দেখি লাশের চারদিক ঘিরে রেখেছে ছাত্রলীগের ছেলেরা। তাদের এই প্রতিহিংসার রাজনীতির কারণেই একটি নিরপরাধ ছেলে মারা গেছে। এ বিষয়টি শিক্ষার্থীদের কাছ থেকে আড়াল করার জন্যই তড়িঘড়ি করে আবু বকরের লাশ ট্রাকে তুলে ফেলা হয়।’‘আমাদের বিভাগের এক বন্ধু মারা গেল। আমরা তার মরা মুখটা পর্যন্ত দেখতে পারলাম না’ বলে দুঃখ প্রকাশ করছিলেন আবু বকরের সহপাঠী এশা। আবু বকরের মৃত্যুর পরদিন কলাভবনের অনেক শ্রেণীকক্ষেই ক্লাস চলছিল। কিন্তু ইসলামের ইতিহাসের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলাভবনের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের বোঝাতে আসেন বিভাগের এক শিক্ষক। উত্তেজিত ছাত্ররা তখন সেই শিক্ষককে উদ্দেশ করে বলেন, ‘স্যার, আপনি এভাবে মারা গেলেও কি আমরা চুপ করে থাকব?’ ছাত্ররাজনীতির কোন্দলের ফলে আবু বকরের মুত্যুর ঘটনায় গোটা ক্যাম্পাসেই বিরাজ করছে অস্থিরতা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অন্য শিক্ষার্থীদের অভিভাবকেরা ফোনে খোঁজ নিচ্ছেন। বাড়ি থেকে ফোন করে সন্তানকে ক্যাম্পাসে আসতে নিষেধ করছেন অনেক অভিভাবক। এর কারণ হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী কামরুল বলেন, ‘নিরাপত্তাহীন ক্যাম্পাসে কখন কোথাও কেউ যে খুন হবে না, তার নিশ্চয়তা দেবে কে?’ বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ১৫ দিনের মধ্যেই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। কিন্তু প্রশাসনের এই কথায় আস্থা রাখতে পারছেন না শিক্ষার্থীরা। কারণ হিসেবে এক শিক্ষার্থী বলেন, ‘আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কত ছেলে খুন হলো; তার একটিরও কোনো বিচার হয়েছে? আর বিচার হবে আবু বকরের মতো নিরীহ ছেলে হত্যার!’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে আলাপ করছিলেন—‘আমাদের ভিসি তো টিভিতে, পত্রিকায় বলেছেন, তিনি ছাত্ররাজনীতির পক্ষে। কিন্তু এখন তো ছাত্ররাজনীতির নামে খুনোখুনি চলে। এটা কি তিনি জানেন না? এই ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত।’ ঢাবির আরেক শিক্ষার্থী সুধন্যা ইসলাম ছাত্ররাজনীতিকে দোষারোপ করে বলছিলেন, ‘ছাত্রদল আর ছাত্রলীগ কারও মধ্যেই কোনো পার্থক্য নেই। সবাই নিজেদের দখলদারি জারি রাখার জন্য রাজনীতি করে। এদের এই লালসার কারণেই বলি হতে হচ্ছে আবু বকরের মতো নিরীহ ছেলেদের।’‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত যে ছেলেটি, সে আজ স্বপ্নহীন। গ্র্যাজুয়েশনের কালো গাউনের বদলে সাদা কাফনে নিজেকে মুড়িয়ে বাড়ি চলে গেল ছেলেটি। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আর কোনো দিন তাকে দেখা যাবে না। রক্তচোষা ছাত্ররাজনীতি চিরতরে কেড়ে নিল আবু বকরকে।’ ছলছল নয়নে লেকচার থিয়েটারের সামনে কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান।