এই রাষ্ট্র ধনীবান্ধব: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, এই রাষ্ট্র ধনীবান্ধব। অনেক সময় মনে হয়, শুধু ধনীবান্ধবই নয়, রাষ্ট্র দরিদ্রবিরোধী।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল সভায় তিনি এ কথা বলেন। দৈনিক সমকাল, বেসরকারি সংস্থা প্ল্যান বাংলাদেশ ও ইউএসএআইডি যৌথভাবে ‘বাংলাদেশের মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক ওই সভার আয়োজন করে।সমকালের মিলনায়তনে ওই সভায় মিজানুর রহমান বলেন, দেশের জনসাধারণের মধ্যে মানবাধিকারের ধারণা এখনো অনেক নিম্নপর্যায়ে। কমিশনের একটি জরিপ তুলে ধরে তিনি বলেন, ৫০ ভাগ মানুষ মানবাধিকার শব্দের সঙ্গেই পরিচিত নন। এ অবস্থা উত্তরণে তিনি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা সিটি করপোরেশন ভাগের প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল সমর্থন করায় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা নাগরিক আন্দোলনের সমালোচনা করে মিজানুর রহমান বলেন, ‘যদি বলেন আমরা হরতাল সমর্থন করি না, কিন্তু এটা করি। পরবর্তীতে হয়তো হবে, আমরা যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করি, কিন্তু এ বিষয়টা না’। নিরপেক্ষ বা মধ্যমপন্থী বলে কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরের স্বামী সাইদের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি তাঁর মৃত্যু অস্বাভাবিক হয়, তাহলে তা কীভাবে হয়েছে তা জানার অধিকার আমাদের আছে’।সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক সাহাবুদ্দীন আহমদ, নারীনেত্রী সালমা আলী প্রমুখ আলোচনায় অংশ নেন।