এই রায় সাংবিধানিক সংকট তৈরি করবে: বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও সাংবিধানিক সংকট তৈরি করবে বলে মনে করছেন বিএনপির নেতারা।আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় ঘোষণার পর বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলাপ করলে তাঁরা এ মতামত ব্যক্ত করেন।বিএনপির নেতারা বলেন, রায়ের ব্যাপারে তাঁদের তাত্ক্ষণিক এই প্রতিক্রিয়া বিএনপির দলীয় অবস্থান নয়, ব্যক্তিগত মতামত। রায়ের কপি পাওয়ার পর আইন বিশেষজ্ঞদের নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর বিএনপি তার অবস্থান জানাবে বলে কয়েকজন নেতা জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমি রায়ের কপি এখনো পাইনি। কোর্ট কী কী বিষয়ে আদেশ দিয়েছেন বা সুপারিশ করেছেন, আগে তা জানতে হবে।’ তবে তিনি বলেন, আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বলায় এটা স্পষ্ট যে এই ব্যবস্থার প্রয়োজন আছে। একটি অনিবার্য প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।এম কে আনোয়ার বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে সবকিছু করছে। পরবর্তী প্রধান উপদেষ্টা কে হবেন বা না হবেন, তা নিয়ে আবার নতুন করে বিতর্ক সৃষ্টির সুযোগ হয়েছে। আওয়ামী লীগ যদি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন না করে প্রধান বিচারপতি নিয়োগ দিত, তাহলে আর কোনো সংকট থাকত না।এক প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, দেশে অনেক সংকটের সঙ্গে এখন রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করা হয়েছে। তবে জনদাবি উপেক্ষা করে কিছু করা হলে বিএনপি তা মানবে না, আন্দোলন করবে।মওদুদ আহমদ রায়ের বিষয়ে তাঁর ব্যক্তিগত মতামত তুলে ধরেন। একজন আইনজীবী হিসেবে তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই রায় সংকট তৈরি করবে। তিনি বলেন, ‘রায় সম্পর্কে যতটা জেনেছি, তাতে তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক বলা হয়েছে। আবার এই ব্যবস্থায় আরও দুটি নির্বাচন করতে মত দেওয়া হয়েছে। তাই এতে আদালতের পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ পেয়েছে।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজ্ঞ খন্দকার মাহবুব হোসেন বলেন, এই রায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে পারে। তিনি বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে স্পর্শকাতর বিষয় বাস্তবায়নের এই প্রবণতা দেশের জন্য শুভ হবে না।আজ রায় ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে রায় পর্যালোচনায় একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দলের আইনজ্ঞ নেতা ও জ্যেষ্ঠ নেতারা রায় পর্যালোচনা করবেন বলে জানা গেছে।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, রায় পর্যালোচনা শেষে বিএনপি তার অবস্থান তুলে ধরবে।