এই শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুচিকিৎসক ও শিশু মনস্তত্ত্ববিদেরা বলছেন, শিশুকে ঝুলিয়ে রাখলে, পা ধরে ঘোরালে বা পেটে-বুকে চাপ দিলে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। শিশুর প্রতিবন্ধী হয়ে পড়ারও আশঙ্কা থাকে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও শিশুরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ সহিদুল্লা বলেন, ঘোরালে শিশুর মস্তিষ্কে চাপ পড়তে পারে। মস্তিষ্কের স্থায়ী ক্ষতিও হতে পারে। তিনি বলেন, একই ঘটনা ঘটতে পারে অন্ত্রের ক্ষেত্রেও।ঢাকা শিশু হাসপাতালের জ্যেষ্ঠ মনস্তত্ত্ববিদ মনোয়ারা পারভিন বলেন, বয়সটা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঝুলিয়ে রাখলে বা ঘোরালে শিশুর মগজে আঘাত লাগতে পারে। এতে মস্তিষ্ক বিকৃত হয়ে যেতে পারে। শিশুর মারা যাওয়ার ঝুঁকিও থাকে। শিশু যদি বেঁচে থাকে তবে বুদ্ধিস্বল্পতা, সেরিব্রাল পালসির মতো মস্তিষ্কের গুরুতর সমস্যা নিয়ে সে বড় হবে।বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাড় ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ অত্যন্ত নরম। ঝুলিয়ে রাখলে বা হাতে ধরে টানলে নরম হাড় ভেঙে যেতে পারে, কোনো অঙ্গে টান লাগতে পারে। এর ফলে শিশু শারীরিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। পেটে আঘাত করলে সরাসরি শিশুর অন্ত্রে আঘাত লাগতে পারে। চাপ পড়লে অন্ত্রের স্থানান্তর হতে পারে। এতে পায়খানার রাস্তায় সমস্যা হতে পারে। কিডনিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।মনোয়ারা পারভিন বলেন, শিশুর মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখা বেশ বিপজ্জনক। শৈশব থেকেই এসব শিশু শারীরিক সমস্যা নিয়ে বেড়ে উঠবে। খিঁচুনির মতো অসুখেও ভবিষ্যতে তাকে সারা জীবন ভুগতে হতে পারে। সমস্যা গুরুতর হলে শিশু ধীরে ধীরে ভুগে একসময় মারাও যেতে পারে।মানসিক ক্ষতির ব্যাপারে মনোয়ারা পারভিন বলেন, এসব ঘটনা শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলবে, যা পরিণত বয়সে প্রকাশ পাবে। প্রচণ্ড ভয় নিয়ে এসব শিশু বড় হবে। তিনি বলেন, এসব শিশু মানসিক প্রতিবন্ধী হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে। তাদের বৌদ্ধিক বিকাশ স্বাভাবিক হবে না।মনোয়ারা পারভিন আরও বলেন, ছয় থেকে দশ বছর বয়সী যেসব শিশু এই অপচিকিৎসা দেখছে, তারা এখন চিকিৎসা নিতেও ভয় পাবে। এসব শিশু ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে। এ ভয় (ফোবিয়া) থেকে তারা সহজে মুক্ত হতে পারবে না। তাদের আচরণে এর প্রভাব পড়বে।