এই সফর দীর্ঘযাত্রার প্রথম পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমার সফরকে দুই দেশের সম্পর্কের দীর্ঘযাত্রার প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছেন বারাক ওবামা। আজ সোমবার মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে তিনি প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন। আজ আল জাজিরার অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।মিয়ানমার পৌঁছে প্রথমে ইয়াঙ্গুনের পুরোনো পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন ওবামা। বৈঠকের পর সাংবাদিকদের ওবামা বলেন, এই সফরকে তিনি মিয়ানমারের সঙ্গে দীর্ঘযাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি বলেন, প্রেসিডেন্টের হাত ধরে মিয়ানমারে যে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছে, উত্তরোত্তর এর উন্নয়ন হবে। পরে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাত্ করেন ওবামা। তাঁর সমর্থনের জন্য ওবামাকে ধন্যবাদ জানান সু চি। তবে, সামনে আরও কঠিন চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সু চি বলেন, ‘এ পর্যন্ত যতটুকু সাফল্য অর্জিত হয়েছে, এতে সন্তুষ্ট না হয়ে বরং দেশের মানুষের প্রকৃত সাফল্য অর্জনের জন্য কাজ করে যেতে হবে।’ ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন ওবামা।এর আগে সকালে ইয়াঙ্গুন পৌঁছান ওবামা। সেখানে তাঁকে মিয়ানমারের পতাকা উড়িয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরা।ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি মিয়ানমার সফর করছেন। ওবামার এ সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকেরা।ছয় ঘণ্টার মিয়ানমার সফর শেষে ওবামা কম্বোডিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন।এদিকে, পূর্বঘোষণা অনুযায়ী কারাবন্দীদের মুক্তি দেওয়া শুরু করেছে মিয়ানমার সরকার। আজ সোমবার আরও ৬৬ জনকে মুক্তি দেওয়া হবে বলে গতকাল মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে কোনো রাজবন্দী ও ভিন্নমতাবলম্বী আছেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।