যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) শুভেচ্ছাদূত হয়েছেন ববিতা। তিনি সম্প্রতি ডিসিআইয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, শিকাগো, ডালাস, মিশিগান, ফিলাডেলফিয়া, ক্যালিফোর্নিয়া এবং কানাডা সফর করেন। এই সফরের অভিজ্ঞতা ও সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।ডিসিআইয়ের শুভেচ্ছাদূত হওয়ার পর কী কী পদক্ষেপ নিয়েছেন?আসলে ডিসিআইয়ের শুভেচ্ছাদূত হতে পেরে অনেক সম্মানিতবোধ করছি। এটা শুধু আমার সম্মান নয়, পুরো দেশের সম্মান। গত বছর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ইয়েল বিশ্ববিদ্যালয়ে শিশু অধিকার ও দৃষ্টিশক্তিবিষয়ক সম্মেলনে বক্তব্য দিয়েছি। এই বিষয়কে সামনে রেখে কাজ করছি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে চাই। বাকি জীবনে ওদের জন্য কাজ করে যেতে চাই। এ বছরের জুন-জুলাই মাসে আবার পরবর্তী কার্যক্রম নিয়ে সভা হবে।আপনার মায়ের নামে কি হাসপাতাল তৈরি করছেন?এটি আমার স্বপ্ন। আসলে শুধু আমার না, তিন বোনেরই স্বপ্ন। মা চিকিৎসক ছিলেন। নড়াইলের লোহাগড়ায় এই হাসপাতাল তৈরি করা হবে। দেশে ফিরে গ্রামে গিয়েছিলাম। এই গ্রামের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তারা এখনো তাবিজ-কবচে বিশ্বাস করে। মায়ের নামে হাসপাতাল করার কথা শুনে তারা খুব উৎসাহিত হয়েছে। একজন কৃষক তো তাঁর ১২ বিঘা জমি দিতেও প্রস্তুত। তাদের এই উৎসাহ দেখে আমি অভিভূত। এ বিষয়ে ডিসিআই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা অর্থায়ন করতে আগ্রহী হয়েছে। এর জন্য নানা ধরনের আনুষ্ঠানিকতা করতে হয়। সেসব কাজ প্রস্তুত করছি।যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের অভিজ্ঞতা কেমন ছিল?এই সফরে না গেলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যেত। যেখানেই গিয়েছি, তারা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। তৃতীয় বিশ্বের দেশগুলোর সুবিধাবঞ্চিত শিশুদের কথা শুনে তারা অবাক হয়েছে। বলেছি শিশুশ্রমিক, পথশিশুদের কষ্টের গল্প। এসব শুনে তারা আবেগাপ্লুত হয়েছে। ভীষণ সাড়া পেয়েছি তাদের কাছ থেকে। এবার শুধু সচেতনতামূলক কার্যক্রম করেছি। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে প্রতিটি জায়গায় শুরুতে জেনেসিস অব ববিতা নামে আমার ওপর তৈরি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে। আমার কর্মময় জীবনের ছবি তাদের মুগ্ধ করেছে।চলচ্চিত্রে কি তাহলে কাজ করবেন না?তা কেন হবে। আমি যদি চলচ্চিত্রের অভিনয়শিল্পী ববিতা না হতাম, তাহলে নিশ্চয়ই শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ পেতাম না। মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়েছে, ভালোবাসা পেয়েছি ববিতা হওয়ার কারণে। এখন প্রতিদানে মানুষকে কিছু দিতে চাই। তাই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। তবে এর মধ্যে ছয়-সাতটি চলচ্চিত্রের কাজ করব সামনে। বেছে বেছেই আজীবন কাজ করেছি।পুরোনো দিনের চলচ্চিত্র আর বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত কী?এটা তো অস্বীকার করার উপায় নেই যে আগের মতো ভালো গল্প, গান কিংবা ভালো চিত্রনাট্য নিয়ে খুব বেশি কাজ হচ্ছে না। তার পরও সবাই চেষ্টা করছে। চলচ্চিত্র অনেক বড় শিল্প। এর সঙ্গে বহু মানুষের জীবন-জীবিকা জড়িত। ফলে একে ভালোভাবে রক্ষা করতে হবে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্র এ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো। এটা আমার কাছে ভালো লাগেনি। তৌহিদা শিরোপা