এই সব আত্মপ্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটোগ্রাফির কল্যাণে আত্মপ্রতিকৃতি বা সেলফ পোর্ট্রেট চিত্রণ মানুষের করায়ত্তে চলে আসে। ক্যামেরার মাধ্যমে মানুষ নিজেকে ধরে রাখার সুযোগ পায়। চিত্রকলায় আগে যা ছিল দুর্লভ ও ব্যয়সাপেক্ষ, ক্যামেরা এই প্রক্রিয়াকে করে তোলে আরও সহজ ও গতিশীল। হিসাব না করেই বলছি, পৃথিবীর খ্যাত ও অখ্যাত প্রায় সব শিল্পীই এঁকেছেন নিজেকে। আত্মপ্রতিকৃতি আঁকতে গিয়ে অনেকে নিজের বিভিন্ন সময়কে ধরেছেন। রেমব্র্যান্টের আত্মপ্রতিকৃতির সামনে দাঁড়ালে আঁধারের মোহনা থেকে খনন করে তুলে আনতে হয় শিল্পীর ঘটনাবহুল জীবনের বিবেচনাগুলোকে। রবীন্দ্রনাথ এঁকেছেন নিজেকে। ঋষি মনীষীর আড়ালে আরেকজন নিঃসঙ্গ আলো-আঁধারির কবিকে ঠাঁই দিয়েছেন তিনি। আত্মপ্রতিকৃতি থেকে আমরা ছবির মানুষটির ব্যক্তিগত জীবন ও চরিত্র শনাক্ত করতে পারি।সৃষ্টিশীল ও খ্যাতিমান মানুষদের আলোকচিত্র গ্রহণ করার ফাঁকে তাঁদের দিয়ে আঁকিয়ে নিতে চেষ্টা করি তাঁদেরই চেহারা। প্রায় তিন দশক আগে আমার একসময় মনে হলো, যাঁরা ছবি আঁকেন না, তাঁদের দিয়ে আঁকিয়ে রাখলে কেমন হয়। শুরু হলো আমার সংরক্ষণ-প্রক্রিয়া। যাঁরা ছবি আঁকেন না, তাঁদের কৌশলে বলি একটা ছবি এঁকে দিতে। কেউ এঁকে দেন, আবার কেউ আঁকতে পারেন না। অনেকেই অক্ষমতা প্রকাশ করেন। ছবি আঁকার সময় উপস্থিত হই ক্যামেরা নিয়ে। প্রথমে ছবি তুলি আমার আরাধ্য বিশিষ্ট ব্যক্তিটির। তারপর ব্যাগ থেকে বের করি আমার অটোগ্রাফ খাতা—কলম, তুলি ও রং। অনেকে এসব দেখে প্রথমে ভড়কে যান। তারপর আমার উদ্দেশ্য বুঝতে পেরে তৎপর হন ছবি আঁকতে। কেউ কেউ এঁকে ফেলেন নিজের চেহারা বা আত্মপ্রতিকৃতি। বিশ্বখ্যাত কয়েকজনকে দিয়ে আত্মপ্রতিকৃতি আঁকিয়ে নিয়েছি। সহাস্যে এঁকে দিয়েছেন কেউ কেউ। যাঁরা কোনো দিন ছবি আঁকেননি এমন কজন বিশিষ্ট ব্যক্তি আমার অটোগ্রাফ খাতায় এঁকে দিয়েছেন নিজেকে। বেঁচে নেই এবং বেঁচে আছেন এমন খ্যাতিমান ব্যক্তিদের শতাধিক সেলফ পোর্ট্রেট বা আত্মপ্রতিকৃতির দুর্লভ সংগ্রহ আমার আছে।আমি লক্ষ করেছি যখন বিখ্যাত কাউকে, যিনি শিল্পী নন, ছবি আঁকার কথা বললে সাধারণত অপারগতা প্রকাশ করেন অনেকে। কিন্তু যখন অনুরোধ করি নিজেকে আঁকুন, সৃষ্টি করুন আত্মপ্রতিকৃতি, তখন জেগে ওঠে তাঁর ভেতরের আরেক ব্যাকুল সত্তা। চিত্রশিল্পী না হয়েও আঁকতে থাকেন তাঁর নিজস্ব মুখ। ১৯৭২ সালে আমিও এঁকেছিলাম নিজেকে পেনসিল দিয়ে কাগজে। সৃজনশীল ব্যক্তিত্বদের ছবি তুলতে তুলতে নিজেকে দেখেছি বহুবার। পৃথিবীর যেখানেই যাই, সেখানে ক্যামেরা অন্যের মুখ থেকে সরিয়ে কিছু সময়ের জন্য হলেও ফোকাস করি নিজের মুখে। নিজেকে দেখি এবং যখনই আমার মুখটি নিঃসঙ্গ এবং বেদনার্ত দেখায়, তখনই ক্যামেরার শাটারে চাপ দিই। অন্যের কাছে নিজের চেহারাটি বা নিজেকে পৌঁছে দিতে আত্মপ্রতিকৃতির যেন জুড়ি নেই।