এই সব সুন্দর স্থাপনা
২০০২ সালে বিশ্বকাপ ফুটবল কাভার করতে গিয়ে দেখা হয়েছিল সিউল অলিম্পিক স্টেডিয়ামের সঙ্গে। সুনসান, নীরবে-নিভৃতে দাঁড়িয়ে আছে বিশাল স্টেডিয়াম। ঊষর একাকিত্বে ধরার বৃহত্তম ক্রীড়াযজ্ঞের স্মৃতিই ছিল তার সঙ্গী। বিশ্বকাপ ফুটবল আবার তাকে দিল একটু সজল সঙ্গ। ওটি হয়েছিল ব্রাজিল দলের অনুশীলন ভেন্যু। কিন্তু আদতে সে নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতা ঘোচার নয়। ২০০৮ বেইজিং অলিম্পিকের ‘পাখির বাসা’ ছিল ক্রীড়া দুনিয়ার পাখির চোখ। অলিম্পিক শেষ হতেই ৪২ কোটি ৩০ লাখ ডলারে নির্মিত স্থাপত্যের অপরূপ সৃষ্টি স্টেডিয়ামটিতে বাসা বেঁধেছে শূন্যতা। এই শূন্যতা ঘোচাতে পারে কেবল আরেকটি অলিম্পিকই। কিন্তু কত দশক আর কত যুগ পর আরেকটি অলিম্পিকের দেখা পাবে বেইজিং সে কথা কেউ বলতে পারে না। এখন তার পরিচিতি কেবল এক ধবল হাতি, যার দেখভাল করতেই রাশি রাশি টাকার শ্রাদ্ধ। কোথায় কোরিয়া-চীন, আর কোথায় বাংলাদেশ! হাস্যকর তুলনা। তবে এই অলিম্পিক প্রসঙ্গেই বাংলাদেশও আলোচনায়। আসল অলিম্পিক বাংলাদেশের কাছে একটা স্বপ্ন। বাংলাদেশের অলিম্পিক হলো দক্ষিণ এশীয় গেমস, দক্ষিণ এশিয়ার আট দেশের ক্রীড়া-শ্রেষ্ঠত্বের আসর। যেখানে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার সঙ্গে লড়াইয়ে যোজন যোজন পিছিয়ে থাকে বাংলাদেশ। এবার এই দক্ষিণ এশীয় গেমস আয়োজন করতে গিয়ে বাংলাদেশও পেয়েছে কিছু ক্রীড়া স্থাপনা। কোনোটি একেবারেই নতুন, কোনোটির হয়েছে আধুনিকায়ন। একেবারেই নতুন করে পাওয়া গেছে হ্যান্ডবল স্টেডিয়াম, শ্যুটিং রেঞ্জকে ঝা-চকচকে করে তোলা হয়েছে। সাঁতার কমপ্লেক্সে খাম্বার মতো দাঁড়িয়ে থাকা ডাইভিং প্লাটফর্মটাকে ঠিক করা হয়েছে, জবরজং ইলেকট্রনিক স্কোরবোর্ডের পেছনে কয়েক লাখ টাকা ব্যয় করে ঠেকা কাজ চালানো হয়েছে। বক্সিং স্টেডিয়ামকে এতটাই সুন্দর করে ঢেলে সাজানো হয়েছে যে সেটি প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের প্রতীক্ষায় পর্যন্ত থেকেছিলেন আয়োজকেরা। এসব স্থাপনা এশিয়ান গেমস আয়োজনেরও মায়াঞ্জন এঁকে দিচ্ছে কারও কারও চোখে, ‘একদিন আমরাও...।’ কোরিয়া-চীন বড় স্থাপনা গড়ে ফেলে রাখতে পারে। অলিম্পিকের মতো বড় উপলক্ষে এটি তাদের ক্ষুদ্র ত্যাগ। তাহলে বাংলাদেশও এসব স্থাপনা অবহেলায় ফেলে রাখতে পারবে! তিনবার দক্ষিণ এশীয় গেমসের সফল আয়োজন করে তো দেখিয়েই দেওয়া হলো এশিয়ান গেমসই এখন বাংলাদেশের সীমানা। বাংলাদেশ যতই পদক তালিকায় তৃতীয় হওয়ার লড়াই চালাক না কেন, আয়োজনের এই ক্ষুদ্র গণ্ডিতে আর তাদের বেঁধে রাখা যাবে না। আসলে তা নয়, এই স্থাপনাগুলো বড্ড জরুরিও। সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর কোনো জাতীয় টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ‘নুন আনতে পান্তা ফুরোত’ ভেন্যুর চিন্তায়, সেটা এখন হয়তো হবে না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ যেমন গেমসের আগে ভেন্যুগুলোয় লাগা নতুন রঙের গন্ধ শুঁকতে শুঁকতে বলেছিলেন, ‘এই স্থাপনাগুলোই আমাদের আসল প্রাপ্তি।’ কিন্তু এগুলোর কী হাল হবে ভবিষ্যতে?শুধু হ্যান্ডবলই হয়তো সারা বছর ধরে খেলা চালিয়ে যেতে চাইবে মাঠে। অন্য ভেন্যুগুলোর কী হবে সে কেবল ভবিতব্যই জানে। এটি অতীত অভিজ্ঞতালব্ধ জ্ঞান। ছত্রাক জন্মাবে সাঁতার ফেডারেশনের দেয়ালে, পুলে জমবে শ্যাওলা। ইলেকট্রনিক স্কোরবোর্ডটা দম হারানো ঘড়ির মতো চুপচাপ হয়ে যাবে। আবার কোনো টুর্নামেন্ট এলে জনা পাঁচেক বিচারককে দাঁড় করিয়ে দেওয়া হবে স্টপওয়াচ হাতে। আরেকটা ইলেকট্রনিক স্কোরবোর্ডের জন্য অনন্ত হাহাকার চলবে কোনো এক অনাগত এশিয়ান গেমস পর্যন্ত। কিন্তু ক্রীড়ামন্ত্রীর স্নেহধন্য জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের কর্ণকুহরে তা পৌঁছাবে না। অবশ্য মন্ত্রীর কানে কৃচ্ছ্রসাধনের মন্ত্র জপে দিলেও তাঁরা দিতে পারেন। কোনো কোনো স্থাপনা থেকে পলেস্তারা তো খসে পড়বেই, এক-একটা করে ইট-তক্তাও অদৃশ্য হয়ে যেতে পারে। বক্সিং স্টেডিয়ামে জমে থাকবে অন্ধকার। বাস্তুহারা মানুষের আবাসনও হয়ে উঠতে পারে সেটি। মনুষ্য বর্জ্যের দুর্গন্ধে নাকে রুমাল চেপে যেতে হবে আরেকটি প্রতিযোগিতা এলে। হ্যাঁ, শ্যুটিং ফেডারেশনে অনেক আলো হয়তো থাকবে। তবে সে আলো কোনো বিয়ে কিংবা গায়ে-হলুদের অনুষ্ঠানের। শ্যুটিং রেঞ্জেই হয়তো দেখা যাবে কোনো সংবর্ধনা অনুষ্ঠান। হল ভাড়া দিয়ে আয় হবে কোটি কোটি টাকা। কিন্তু শ্যুটিংয়ের সরঞ্জামগুলো নষ্ট হবে জং ধরে। কিন্তু কী হলে এগুলোর সুন্দর ব্যবহার নিশ্চিত হবে, সেসব কেউ আপনাকে বলবে না। অনিয়মিত ক্রীড়াপঞ্জি নিয়ে ফেডারেশনগুলো অন্ধকার জমিয়ে রাখবে ভেন্যুগুলোতে। ক্রীড়া পরিষদের বিশাল কর্মীবাহিনী বসে বসে ঝিমিয়ে ওভারটাইম তুলবে, কিন্তু ফেডারেশনের তত্ত্বাবধানে থেকে ভেন্যুগুলোর তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে না। বড়জোর তাদের ক্রীড়া পরিষদের সামনের রাস্তায় ফুটপাত-বাণিজ্য দেখভালের দায়িত্ব দেওয়া হবে। দক্ষিণ এশীয় গেমস এবার বাংলাদেশকে একগুচ্ছ সোনা দিয়েছে, দিয়েছে নতুন স্থাপনা। সেই সঙ্গে হয়তো বেহিসেবি গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার অবারিত অধিকারও!