এই সরকারের আমলে দেশবাসী ভালো নেই : খালেদা জিয়া
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, এই সরকারের আমলে দেশের মানুষ ভালো নেই। জনগণের সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ এই সরকারের কর্মকাণ্ডে তাঁরা হতাশ। আজ শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ঈদ-শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের পর খালেদা জিয়া আরো অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি'র সঙ্গে যে আচরণ করা হয়েছিল, বর্তমান সরকারও একই রকম আচরণ করছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া আরো বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নতি ঘটাতে পারেনি। তাঁরা অনেক কষ্টে আছে। তিনি সৌদি প্রবাসী বাংলাদেশীরাসহ দেশের জনগণের সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহবান জানান।আজ বেলা বারোটায় খালেদা জিয়া প্রথমে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সসহ উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিকরা এ সময় শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দলের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের স্থায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।