এই সরকারের মেয়াদেই তিস্তা চুক্তি সই: রঞ্জন মাথাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বর্তমান সরকারের মেয়াদপূর্তির আগেই স্বল্প সময়ের মধ্যে তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তি সই হবে। একই সময়ের মধ্যে চুয়াত্তরের সীমান্ত প্রটোকলও বাস্তবায়িত হবে। বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই আজ রোববার সংবাদিকদের এ তথ্য জানান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রঞ্জন।ভারতের বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। এর মধ্যে গত চার বছরে কিছু হয়নি। হাতে রয়েছে এক বছরের কম সময়। এত কম সময়ের মধ্যে তিস্তা চুক্তি বা সীমান্ত প্রটোকল সমস্যার সমাধানের ব্যাপারে আপনি কতটা আশাবাদী—এমন প্রশ্নের জবাবে রঞ্জন মাথাই সাংবাদিকদের বলেন, ‘আমি গণক নই। কিন্তু বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নের মতো অমীমাংসিত বিষয়ে সুরাহায় আমরা অত্যন্ত আন্তরিক। প্রক্রিয়াগত বিষয়গুলো শেষ করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান আশা করছি।’পদ্মা সেতু প্রকল্পে ভারতের অর্থায়ন প্রসঙ্গে জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘এটি একটি বৃহদায়তন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যা বাংলাদেশের উন্নয়নের জন্য অপরিহার্য। তবে এ ধরনের বৃহত্ প্রকল্পে কারও একা অর্থায়ন সম্ভব নয়। বাংলাদেশকে ভারতের দেওয়া ১০০ কোটি ডলার ঋণসহায়তা থেকে ২০ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়া হয়েছে। বাংলাদেশ চাইলে ওই অর্থ পদ্মা সেতু প্রকল্পে কাজে লাগাতে পারে।’ অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত সমস্যা, পানির হিস্যা ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও আগামী মার্চে রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জির বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে দুই দেশের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় এক দেশের কূটনীতিকেরা অন্য দেশের প্রশিক্ষণকেন্দ্রে পেশাগত প্রশিক্ষণ নেওয়ার সুবিধা পাবেন।বৈঠকে ১২ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। আর ১০ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই।রঞ্জন মাথাই আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন।প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে রঞ্জন মাথাইয়ের বাংলাদেশে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে ২০১১ সালের জুনে ঢাকা সফর করেন ভারতের তত্কালীন পররাষ্ট্রসচিব নিরুপমা রাও।