এই সরকারের সময় কোনো খাতেই দুর্নীতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনরুল্লেখ করে বলেছেন, তাঁর সরকারের সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ কোনো খাতেই দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে সরকারের সঙ্গে বৈঠক করতে ঢাকায় না এলে না আসবে। তার পরও পদ্মা সেতু নির্মিত হবে।প্রধানমন্ত্রী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, অন্যান্য সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, একই প্রক্রিয়ায় জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।গত রোববার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী আবাসিক মিশনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নিউইয়র্কে নয় দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার আগে স্থানীয় বাংলাদেশি পত্রিকার সাংবাদিকদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন অনুষ্ঠানটি সঞ্চালন করেন। শেখ হাসিনা বলেন, ‘দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে। আমরা দৃঢ়ভাবে তা মোকাবিলা করছি। কিন্তু আমাদের সময়ে বিদ্যুৎসহ কোনো খাতেই কোনো দুর্নীতি হয়নি।’সব রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান বিরোধী দল বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণই তাদের ভোটের মালিক এবং তাদের ইচ্ছানুযায়ী পরবর্তী সরকার গঠিত হবে।তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সুশীল সমাজের যেসব সদস্য ২০০৬ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছেন, তাঁরাই এখন এ দুর্বল ব্যবস্থা পুনরুজ্জীবনের পক্ষে কথা বলছেন। পরিহাসের বিষয়, এখন তাঁদের কাছ থেকে অনেক নীতিকথা শুনতে হয়।শেখ হাসিনা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিএনপির নেতা খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে বলেন, ওই সময় তিনি বলেছিলেন ‘জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় না। তারা তত্ত্বাবধায়ককে ধাওয়া করবে।’ প্রবীণ আইনজীবী রফিক-উল হক দেশের প্রয়োজনে দায়িত্ব নিতে প্রস্তুত বলে সাংবাদিকেরা প্রসঙ্গ তুললে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের গ্রামাঞ্চলে একটি কথা চালু আছে। বাজারে লোকজনের মধ্যে হঠাৎ একজন বলে উঠল, “মুই কার খালু রে”।’প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়।’ তিনি বলেন, দেশের সাধারণ মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চায় না। কারণ এখনো তারা তত্ত্বাবধায়কের নির্যাতন ও ভয়াবহতার কথা ভুলতে পারেনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতির মাধ্যমে অর্থ বানাতে নয়, আমরা জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছি। অধিক দুর্নীতি হলে বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন করা সম্ভব হতো না।’সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তদন্ত কর্তৃপক্ষ পরিবর্তনের কারণে এ মামলার তদন্ত বিলম্বিত হয়। র্যা ব এখন হাইকোর্টের নির্দেশে এ মামলার তদন্ত করছে উল্লেখ করে তিনি এ ব্যাপারে সংবাদমাধ্যমে কর্মরত ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে আবদুল মোমেন ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের একটি ডিভিডি কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।এর আগে জাতিসংঘ ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক এবং এলডিপি, এলএলডিসি ও এসআইবিএসের জাতিসংঘ অফিস অব দ্য হাই রিপ্রেজেনটেটিভের আন্ডার সেক্রেটারি জেনারেল জৈন চন্দ্র আচারিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন।আজ দেশে ফিরছেন: বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী গত রোববার রাতে বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন। ঢাকায় আসার পথে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন। তিনি আজ মঙ্গলবার সকাল আটটা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।