এই সিইসির অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না: ফখরুল
নতুন নির্বাচন কমিশন গঠনের পুরো প্রক্রিয়াটিকেই অসাংবিধানিক, বেআইনি ও অবৈধ বলেছে বিএনপি। তাই এই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সিইসি নিয়োগের কিছুক্ষণ পরেই আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের কাছে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদের নিয়োগ অসাংবিধানিক। তাই বিএনপি এই সিইসি এবং কমিশন পুনর্গঠনের পুরো প্রক্রিয়াটিকে প্রত্যাখ্যান করছে।এদিকে আজ রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন খালেদা জিয়া।এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল প্রথম আলোকে বলেছিলেন, তাঁর দল দুটি কারণে সুপারিশ প্রত্যাখ্যান করেছে। প্রথমত, এই সুপারিশ অসাংবিধানিক। কেননা, যে প্রজ্ঞাপনের মাধ্যমে সার্চ কমিটি গঠিত হয়েছে, তা অবৈধ। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনে আইন করার কথা বলা হয়েছে, প্রজ্ঞাপন নয়। দ্বিতীয়ত, সার্চ কমিটিতে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সবাই এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এবং সরকারের বেতনভুক্ত। তাই তাঁদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়। কমিটিতে বাইরের কেউ কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিদের রাখা যেত। মওদুদ আরও বলেছিলেন, বিএনপি সার্চ কমিটির এই সুপারিশ গ্রহণ করে না। এর মূল্য আছে বলেও মনে করে না।