জাতীয় জীবনে এই স্থবিরতা কাম্য নয়। অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ পড়ছে, শিক্ষাব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আছি, আলো দেখতে পাচ্ছি না। পুরো জাতি একধরনের অস্থিরতা ও প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে।গত কয়েক বছরে সেশনজট অনেকটাই কমে এসেছিল। সময়মতো ক্লাস ও পরীক্ষা হচ্ছিল। এটা ঝুঁকির মধ্যে পড়ল। এ বছর লেখাপড়ার হাল কী হচ্ছে, কী হবে, তা আন্দাজ করতে কারও সমস্যা হওয়ার কথা নয়। মাধ্যমিক ও সমমানের ১৩ লক্ষাধিক পরীক্ষার্থী যে দুর্ভোগ পোহাল, তাতে ওদের প্রতি সমবেদনা জানালেই শেষ হয় না।দেশের রাজনৈতিক প্রক্রিয়া এখন জনমনে প্রশ্নবিদ্ধ। প্রধান দুটি দলের মধ্যে সমঝোতা না হলে বড় ধরনের ক্ষতি হবে সাধারণ মানুষের। এই অস্থিরতার ঘটনাগুলো, মারামারি ও হানাহানি টেলিভিশনে দেখানো উচিত কি না, ভাবছি। এসব ছবি পত্রিকায় ছাপা কতটা উচিত, সেটিও ভাবার বিষয়। আমাদের শিশুরা এগুলো দেখে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ব্যাপারে গণমাধ্যমগুলোর আরও বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ আছে।অর্থনীতি বলতে আমরা প্রবাসী-আয়, মুদ্রার মজুত ও গার্মেন্টসহ অর্থনীতির কিছু মাপকাঠি বিবেচনা করি। কিন্তু সাধারণ মানুষ তথা কৃষক, শ্রমিক, দিনমজুরের কথা সেভাবে চিন্তা করি না। তারা যেভাবে ধুঁকছে, যে কষ্ট পাচ্ছে, তা অর্থনীতির সংজ্ঞায় সেভাবে আসছে না।অহিংস পদ্ধতিতে বর্তমান সংকট সমাধানের পথ বের করতে হবে। গণমাধ্যম, সাধারণ মানুষ, শাহবাগ আন্দোলন—সবকিছুর পরও একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় থাকে। সেই সিদ্ধান্ত নিতে ভুল করলে, কালক্ষেপণ করলে তার পরিণতি শুভ হবে না।এ দেশের মানুষের প্রতি আমার গভীর আস্থা আছে। এ পর্যন্ত সব সংকটই তারা কোনো না কোনোভাবে কাটিয়ে উঠেছে। সেটা রাজনৈতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ—যা কিছু হোক না কেন। এবারও আশা, এ দেশের মানুষ চলমান সংকট কাটিয়ে উঠতে পারবে।রাশেদা কে চৌধূরী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা