প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম পৌর নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, পৌর নির্বাচনকে প্রভাবিত করার জন্য এইচ টি ইমাম সারা দেশের জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। এ অবস্থায় পৌর নির্বাচন অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও ভয়ভীতিমুক্ত করার জন্য অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।’অবশ্য এইচ টি ইমাম এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা ও প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারক করা তাঁর সরকারি দায়িত্ব এবং নিয়মিত কাজের অংশ। এর সঙ্গে নির্বাচনকে প্রভাবিত করার কোনো প্রশ্ন নেই। এটা অবান্তর অভিযোগ।বিএনপির সংবাদ সম্মেলনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু পৌর নির্বাচনী এলাকাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।আজ সোমবার ঢাকা এবং কাল মঙ্গলবার সিলেট ও চট্টগ্রামে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব স্থানের নির্বাচন সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘প্রার্থীরা আমাদের কাছে অভিযোগ করেন, সরকারদলীয় লোকজন তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। মারধর করছেন। পোলিং এজেন্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পুলিশ গিয়ে তাঁদের বাড়িতে হানা দিচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাইলে সেনা মোতায়েন করা প্রয়োজন।বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন প্রশাসনের ওপর নির্ভর করছে। কিন্তু নানা কারণে স্থানীয় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে সরকারের পক্ষে কাজ করছেন।পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে নির্বাচন কমিশন বিরক্ত বলে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, ‘যে কারণে আমরা সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি, তা দূর করলে আমরা সেনা মোতায়েন চাইতাম না। তবে তিনি দুটি কারণে বিরক্ত হতে পারেন। প্রথমত, তিনি খুবই বিরক্ত মানুষ। অথবা পৌর নির্বাচন নিয়ে যেসব সমস্যা আছে, সেসব সমস্যা দূর করতে তিনি বিরক্ত বোধ করছেন।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।