এইচ টি ইমামের কাজ বিস্ময়কর: সুরঞ্জিত, দাবিটি অসত্য: ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনসচিব পদে নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ভূমিকার কড়া সমালোচনা করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে ১৭ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আইনসচিব কেন দেশে ছিলেন না, সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাওয়া হয়েছে।কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংসদে উপস্থাপিত ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ আবার মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। গত রবি ও গতকাল সোমবার সংসদ ভবনে এই সভা হয়।বৈঠক শেষে গতকাল সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় দীর্ঘদিন সচিব ছাড়া চলতে পারে না। এ জন্য অনেক কাজে বিঘ্ন ঘটেছে। কমিটি তাই মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিল, কেন এত দিন সচিব নিয়োগ দেওয়া হলো না? জবাবে সংস্থাপন মন্ত্রণালয় থেকে কমিটিকে জানানো হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ইচ্ছার কারণেই এত দিন এই পদে নিয়োগ দেওয়া হয়নি।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার এ ধরনের ইচ্ছা বিস্ময়কর ও হতাশাজনক। কারও ইচ্ছার কারণে মন্ত্রণালয়ের কাজ আটকে থাকতে পারে না।তবে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আইনসচিব নিয়োগ নিয়ে আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। সংসদীয় কমিটির সভাপতিকে সম্ভবত সঠিক তথ্য দেওয়া হয়নি।’ তিনি বলেন, সচিব নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয় থেকে আসবে। এখানে উপদেষ্টার কিছু করার নেই।ফৌজদারি কার্যবিধি সংশোধন করে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে সাংবাদিকদের কেন সমন জারি করে আদালতে আনতে হবে, তাও জানতে চেয়েছে সংসদীয় কমিটি। কমিটি আগামী বৈঠকের আগেই এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়ের কাছে। একই সঙ্গে বিলটি আবার আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ সংক্রান্ত একটি অধ্যাদেশ তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়েছিল, যার বৈধতা এই সরকার দিয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের আইন প্রণয়নের দাবিও তো সাংবাদিক বা সুশীল সমাজ করেনি। তাহলে কাদের উদ্যোগে এ আইন আনা হচ্ছে? তা ছাড়া শুধু সাংবাদিকেরা কেন এমন সুযোগ পাবেন? হঠাত্ করে এই সময়ে আইনটি আসারই বা যৌক্তিকতা কী?’সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘সাংবাদিকদের যদি এই সুবিধা দেওয়া হয়, তাহলে আমরা কী পাপ করেছি? আর যখন সাংবাদিকেরা হয়রানি করেন, তখন আমরা কোথায় যাব? প্রেস কাউন্সিলে? ওটা তো বাঁচা ও মরার মাঝখানে থাকে।’