এইচএসবিসি সব সময় পাশে আছি
এইচএসবিসি—হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন। ‘বিশ্বের স্থানীয় ব্যাংক’ নামে রয়েছে এইচএসবিসির বিশেষ পরিচিতি। বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে এই ব্যাংক। ব্যবসায়িক কার্যক্রমই শুধু নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও এই প্রতিষ্ঠান অনেক উদ্যোগ নেয়। যেসব দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আছে, সেসব দেশের ভাষা, শিল্প, সংস্কৃতি-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সাধ্যমতো যুক্ত হয় এই প্রতিষ্ঠান। এই লক্ষ্য থেকেই বাংলাদেশে স্কুল-কলেজ পর্যায়ে ভাষা প্রতিযোগ আয়োজনে প্রথম আলোর সঙ্গে যুক্ত হয়েছে।কথা হলো এইচএসবিসির (বাংলাদেশ) করপোরেট ব্যাংকিং প্রধান মো. মাহবুব-উর-রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আট বছরে ভাষা প্রতিযোগ দেশের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে এর সঙ্গে যুক্ত করেছে। আরও বেশি শিক্ষার্থীকে আমরা এর সঙ্গে যুক্ত দেখতে চাই। ভাষা প্রতিযোগ আমাদের মাতৃভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও ভালোবাসা জাগিয়ে তুলছে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর মমতা সৃষ্টির জন্য ছাত্রজীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে দেশের প্রতি সবচেয়ে বেশি মমত্ববোধ থাকে, ভালোবাসা থাকে। এই সময়টা কাজে লাগিয়েই দেশের তরুণ নাগরিকদের মনে দেশ ও মাতৃভাষার আগ্রহ ও উদ্দীপনা জাগিয়ে তুলতে চায় এইচএসবিসি। এ রকম একটি চমৎকার কাজে প্রথম আলোর সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’সংস্থাটির বিপণন ও গণযোগাযোগ-প্রধান তালুকদার নোমান আনোয়ার বললেন, ‘ভাষা প্রতিযোগ উৎসবে যোগ দিয়ে আমি নতুন প্রজন্মের মধ্যে বিপুল উৎসাহ দেখেছি। শুদ্ধভাবে মাতৃভাষা-চর্চার ব্যাপারে আজকের শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের আগ্রহ দেখে আমি অভিভূত। এই আয়োজনে আমি শিক্ষার্থীদের স্বাগত জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের অভিভাবকদের। এইচএসবিসির পক্ষ থেকে এই উৎসবে জড়িত থাকতে পেরে আমরা আনন্দিত।’—রূপক বসু