এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল ১৫ জুলাই
দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল ১৫ জুলাই প্রকাশ করা হবে। ফল প্রকাশে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকলেও এবার ৫৭ দিনে ফল প্রকাশ হতে যাচ্ছে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ১৫ জুলাই সকাল সাড়ে নয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল জমা দেওয়া হবে। ওই দিন দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারনেটে ফলাফল পাঠানো দুটি স্কুলের প্রধানের সঙ্গে কথা বলবেন।নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার এসএসসির মতো এইচএসসিতেও শিক্ষার মানের দিক থেকে পিছিয়ে থাকা এলাকা ও অপেক্ষাকৃত কঠিন বিষয়গুলোতে শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। ফলাফলে এর প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে শিক্ষার মানোন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর ১০টি বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন।