এইচএসসি পরীক্ষা মঙ্গলবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষার্থীসংখ্যা সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন। গতবারের চেয়ে এবার ৪৩ হাজার ৬৮ জন শিক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন।আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য মন্ত্রী সবার সহযোগিতা চান।আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৩১ মে।এদিকে বিদেশের পাঁচটি কেন্দ্রের মধ্যে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি থাকায় লিবিয়ার ত্রিপোলি কেন্দ্রের পরীক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, লিবিয়ার ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন বাংলাদেশে ফেরত এসেছে। তাঁদের ঢাকা কলেজকেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকি পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্র ও অন্যান্য গোপনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত ৩১ মার্চ পাঠানো হয়েছে, যা এরই মধ্যে পৌঁছেও গেছে।বিদেশের বাকি চারটি কেন্দ্র হলো সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। বিদেশে মোট পরীক্ষার্থী ১৯১ জন।