এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার শতকরা ৭৪ দশমিক ২৮
দেশে এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার গড় পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি বোর্ডে গড় পাসের হার শতকরা ৭৪ দশমিক ২৮।জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। দুপুর ১২টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়।ফল প্রকাশে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকলেও এবার ৫৭ দিনে তা প্রকাশ করা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল পৌনে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। পরে দুপুর ১২টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। এবার www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। যেসব কলেজের ই-মেইল ঠিকানা আছে এবং যেসব পরীক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে, তারা বিস্তারিত ফলাফল পাবে। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরা হয়।এবারের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৩৭টি কেন্দ্রে সাত হাজার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।