এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার ৪৭, অনুপস্থিত ৬৭৫২
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নকলপ্রবণতা ও বহিষ্কারের সংখ্যা ছিল কম। ১০টি শিক্ষা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয় হাজার ৭৫২ জন। গতকাল ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা চলাকালে লোডশেডিং খুব একটা ছিল না। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। মন্ত্রী সারা দেশে পরীক্ষায় নকলপ্রবণতা ব্যাপকভাবে কমে আসা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পরে মন্ত্রী সাভার কলেজ, সাভার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও শহীদ জিয়াউর রহমান একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, মাদ্রাসা শিক্ষা বের্ডের চেয়ারম্যান মো. ইউসুফ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।গতকালের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিন গতকাল আড়াইবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতার অভিযোগে প্রভাষক মো. সাদেকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ কবীর তাঁকে আটক করেন। গ্রেপ্তার হওয়া মো. সাদেকুল ইসলাম আখাউড়া উপজেলার টনকী আলিম মাদ্রাসার প্রভাষক। এ ঘটনায় কেন্দ্রের সচিব বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী প্রথম আলোকে জানান, কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতার অভিযোগে সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।