বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০০৯ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি প্রোগ্রামের সব স্টাডি সেন্টার থেকে এই ফল জানা যাবে।এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৯৫ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। দ্বিতীয় বষের্র পরীক্ষায় অংশ নেন ৪৪ হাজার ৮৩২ জন। তাঁদের মধ্যে বিভিন্ন গ্রেডে ২৫ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হন। পাসের হার ৫৭ দশমিক ৫৪। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে একজন এ প্লাস, ১০১ জন ‘এ’, ৮৮৮ জন এ মাইনাস, তিন হাজার ৯০২ জন বি, ১৫ হাজার ১৩৭ জন ‘সি’ এবং পাঁচ হাজার ৭৬৯ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরুষ ১২ হাজার ৬১৫ জন, অর্থাত্ শতকরা ৫৫ দশমিক ৩০ ভাগ এবং মহিলা ১৩ হাজার ১৮৩ জন, অর্থাত্ শতকরা ৫৯ দশমিক ৮৬ ভাগ। একই সঙ্গে প্রথম বর্ষের ৫১ হাজার ১২১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।