এইচএসসির উপকেন্দ্র, কুমিল্লায় ৬০ বিদ্যালয়ে পাঠদান বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬০টি কলেজের শিক্ষার্থীদের এবারের এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে উপকেন্দ্রে। অর্থাৎ প্রতিটি কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার কেন্দ্র হবে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ে। এর ফলে এইচএসসি পরীক্ষা চলাকালে ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। এর সঙ্গে পাঠদান বন্ধ থাকবে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্যাম্পাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। এদিকে, গাইবান্ধায় এইচএসসি পরীক্ষার নতুন সাতটি কেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষার্থীরা নিজেদের কলেজেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। এতে শিক্ষার্থীরা অসুদুপায় অবলম্বনের সুযোগ পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এভাবে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, কেন্দ্র হলেও নিজ কলেজে কেউ পরীক্ষা দিতে পারবে না। পাশে উপকেন্দ্র করে পরীক্ষা নেওয়া হবে।কুমিল্লা বোর্ডে ৬০টি উপকেন্দ্র: কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হবে। এ বছর এই বোর্ডের অধীনে ছয় জেলায় ১২৭টি পরীক্ষা কেন্দ্র করা হচ্ছে। এর মধ্যে ৬০টি উপকেন্দ্র। কুমিল্লা জেলার ৪৭টি কেন্দ্রের মধ্যে ২৪টি উপকেন্দ্র, চাঁদপুরে ২৮টির মধ্যে সাতটি, ব্রাহ্মণবাড়িয়ার ২০টির মধ্যে ১৪টি, নোয়াখালীতে ১৪টির মধ্যে ১০টি, লক্ষ্মীপুরে নয়টির মধ্যে চারটি এবং ফেনীতে নয়টি কেন্দ্রের একটি উপকেন্দ্র। গত ২১ মার্চ কুমিল্লা শিক্ষা বোর্ড এই তালিকা দেয়। এর আগে গত ৪ মার্চ বোর্ড কর্তৃপক্ষ ১২৭টি পরীক্ষা কেন্দ্রের নামের তালিকা তৈরি করে। এক কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা অপর কলেজে নেওয়ার ব্যবস্থা করে এই তালিকা করা হয়। অভিযোগ আছে, প্রথম তালিকা প্রকাশ হওয়ার পর বেসরকারি কলেজের শিক্ষকেরা দলবেঁধে কুমিল্লা শিক্ষা বোর্ডে যান এবং নিজেদের কলেজে পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবিতে চেয়ারম্যানকে চাপ দেন। পরে বোর্ড কর্তৃপক্ষ উপকেন্দ্র নাম দিয়ে সংশ্লিষ্ট কলেজের পাশের মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করেন। জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ সরকার প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর বিদ্যালয়গুলোতে সরকারি বন্ধ থাকে ৮৫ দিন। এসএসসি পরীক্ষার কারণে বন্ধ রাখা হয় আরও প্রায় দেড় মাস। এখন এইচএসসি পরীক্ষার জন্য আরও দেড় মাস বন্ধ রাখতে হবে। এরপর ১৭ এপ্রিল থেকে বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তখন ওই ৬০টি বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার ফাঁকে সাময়িক পরীক্ষা নিতে হবে। যেহেতু পাবলিক পরীক্ষার অগ্রাধিকার রয়েছে, তাই আমাদের এটা মেনে নিতে হবে।’ এদিকে, আরও ১২টি বিদ্যালয়ে উপকেন্দ্র দেওয়ার জন্য বোর্ড কর্তৃপক্ষের কাছে সরকারদলীয় সাংসদদের সুপারিশ রয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সিরাজ উদ্দিন বলেন, এইচএসসি পরীক্ষার কারণে পাঠদান ও প্রথম সাময়িক পরীক্ষা ব্যাপকভাবে ব্যাহত হবে।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষাসহ নানা কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে; তাই এইচএসসি পরীক্ষার জন্য উপকেন্দ্র চালু করা ঠিক নয়।কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কে নাজমুল হক বলেন, ‘এ বছর আমরা এক কলেজের পরীক্ষা অন্য কলেজে নেওয়ার জন্য তালিকা করেছিলাম। কিন্তু বেসরকারি কলেজের শিক্ষকদের আপত্তির কারণে তা হয়নি। ভুক্তভোগী বিদ্যালয়গুলোকে এইচএসসি পরীক্ষার ফাঁকে ক্লাস ও পরীক্ষা নিতে হবে। গ্রামাঞ্চলে কলেজের দূরত্ব বেশি থাকায় উপকেন্দ্র দেওয়া হয়েছে। শহর এলাকায় ওই পদ্ধতি চালু করা হয়নি।’কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে উপকেন্দ্র করা হয়েছে। এর ফলে তারা নিজ এলাকার বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবে।’নিজ কলেজেই পরীক্ষা?: সূত্র জানায়, এবার দিনাজপুর বোর্ডে যে ২০টি কেন্দ্র বাড়ানো হয়েছে তার মধ্যে সাতটিই দেওয়া হয়েছে গাইবান্ধায়। এগুলো হলো—গাইবান্ধা আদর্শ কলেজ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, পলাশবাড়ি আদর্শ কলেজ, নলডাঙ্গা ডিগ্রি কলেজ, নাকাইহাট কলেজ, ধর্মপুর আবদুল জোব্বার কলেজ ও কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ। নতুন এসব কেন্দ্রের পাশাপাশি বামনডাঙ্গা আবদুল হক কলেজ, সুন্দরগঞ্জ ডিডব্লিউ কলেজ কেন্দ্রেও শিক্ষার্থীরা নিজেদের কলেজেই পরীক্ষায় অংশ নিতে পারবে। এদিকে, জেলা শহরের দুটি সরকারি কলেজে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শহরেই অবস্থিত আদর্শ কলেজে নতুন কেন্দ্র দেওয়া হয়েছে। এতে শহরের এক কিলোমিটারের মধ্যে পরীক্ষা কেন্দ্র দাঁড়াল তিনটিতে। বোনারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মতিন বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত বিধিমালায় উল্লেখ আছে, কোনো পরীক্ষার্থীই নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না।’ গত ১৮ মার্চ দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে এক সভায় পরীক্ষা নিয়ন্ত্রক এই বিধিমালা মেনে চলার তাগাদা দেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, কেন্দ্র আছে—এমন কলেজে সেই কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না। পার্শ্ববর্তী কোনো উপকেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ার উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, যোগসাজশ করে কেন্দ্র দেওয়ার অভিযোগ ঠিক নয়। পরীক্ষার্থীদের যোগাযোগ-সুবিধার কথা বিবেচনা করেই বেশি কেন্দ্র দেওয়া হয়েছে। কেন্দ্র হলেও নিজ কলেজে কেউ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। উপকেন্দ্র করে পরীক্ষা নেওয়া হবে। হল পরিদর্শকের দায়িত্ব পালন করবেন অন্য কলেজের শিক্ষকেরা।