চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের ১৮টি উত্তরপত্রে একই হাতের লেখা ধরা পড়েছে। এ ঘটনায় রাঙামাটির নানিয়ারচর কলেজের ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফলাফল প্রকাশের দুই দিন আগে গত রোববার অনুষ্ঠিত শিক্ষা বোর্ডের এক সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘আমরা পরীক্ষায় অনিয়ম যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করেছি।’বোর্ড সূত্রে জানা যায়, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বোর্ডের একজন পরীক্ষক খাতা জমা দিতে এসে ইংরেজি দ্বিতীয় পত্রের ১৮টি খাতায় একই ধরনের হাতের লেখা পেয়েছেন বলে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয়। ১০ জুলাই বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরীকে আহ্বায়ক করা হয়। সদস্য হিসেবে ছিলেন উপপরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াস উদ্দিন আহমেদ ও সহকারী কলেজ পরিদর্শক মো. নিজাম উদ্দিন। কমিটির সদস্যরা খাতাগুলো যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা খুঁজে পান। তাঁরা গত শনিবার এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলেন। তাঁরা আলাপ-আলোচনা করে গত রোববার এ ব্যাপারে বোর্ড কার্যালয়ে সভা আহ্বান করেন। এতে নানিয়ারচর কলেজের অধ্যক্ষ, হল সুপার, পরীক্ষা কমিটির কর্মকর্তা ও অভিযুক্ত শিক্ষার্থীদের ডেকে পাঠানো হয়।সূত্র আরও জানায়, সভায় শিক্ষার্থীরা খাতাগুলো তাঁদের বলে নিশ্চিত করেন এবং এতে হাতের লেখা তাঁদের নয় বলে জানিয়েছেন। তবে কার হাতের লেখা, সেটা তাঁরা জানেন না বলেছেন। জানা যায়, ১৮টি খাতায় শিক্ষার্থীদের লেখা কয়েকটি উত্তর সংশোধন করে লেখার পাশাপাশি সম্পূর্ণ নতুনভাবে উত্তর লেখা হয়। ধারণা করা হয়, কলেজের কোনো শিক্ষক বা কর্মকর্তাকে দিয়ে পরীক্ষা শেষে বিশেষ সুবিধার বিনিময়ে উত্তর লিখিয়ে নেওয়া হয়। নানিয়ারচর কলেজ থেকে এ বছর ২০৪ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে।তদন্ত কমিটির আহ্বায়ক ও বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা খাতাগুলো যাচাই-বাছাই করে দেখে অনিয়ম পেয়েছি। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। এরপর ১৮ জনকে বহিষ্কারের সুপারিশ করি।’ সচিব ফজলুল করিমের মতে, নিয়ম অনুযায়ী কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা কলেজের অধ্যক্ষ ও হল সুপারের ওপর এসব বিষয়ে তদারকির দায়িত্ব বর্তায়। অভিযোগ প্রমাণিত হলে এঁদের চাকরি থেকে বরখাস্ত কিংবা পাবলিক পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।