এইডস নিরাময়ে ভেষজ চিকিৎসার হাসপাতাল!
এইডস রোগীদের পুরোপুরি সারিয়ে তুলতে দেওয়া হবে ভেষজ চিকিৎসা। এই চিকিৎসা দিতে গড়ে তোলা হবে এক হাজার ১১১ শয্যার একটি হাসপাতাল। গতকাল মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ তাঁর এ পরিকল্পনার কথা জানান। বিশেষজ্ঞরা অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, এ চিকিৎসার পরিণতি খুব বিপজ্জনক হতে পারে!প্রেসিডেন্ট ইয়াহইয়া ২০০৭ সালে জানিয়েছিলেন, এইডসের চিকিৎসায় তিনি ভেষজ ওষুধের সন্ধান পেয়েছেন। তবে তখন তাঁর এই ঘোষণার কঠোর সমালোচনা করেন পশ্চিমা বিশেষজ্ঞরা।২০১৫ সালে হাসপাতালটি উদ্বোধনের আশা প্রকাশ করে প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ বলেন, ‘এই প্রকল্প সফল হলে আমরা ভেষজ ওষুধের মাধ্যমে প্রতি ছয় মাসে অন্তত ১০ হাজার এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর চিকিত্সা করতে পারব।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে, এই চিকিৎসার পরিণতি ভয়াবহ হতে পারে। এসব ওষুধ রোগীর সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে। গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ দাবি করেন, তাঁর ভেষজ চিকিৎসায় এইচআইভি/এইডস আক্রান্ত ৬৮ জন সুস্থ হয়েছেন। এইডস প্রতিরোধের নামে এমন ভেষজ চিকিত্সার তীব্র নিন্দা জানিয়েছেন আফ্রিকার অন্য নেতারা।জাতিসংঘের হিসাবে, আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় গাম্বিয়ায় এইচআইভি/এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশ কম। মোট জনসংখ্যার ২ শতাংশ, অর্থাত্ ১৮ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত।১৯৯৪ সালে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করেন ইয়াহইয়া জামেহ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বিভিন্ন সময় মানবাধিকারের কর্মীরা তাঁর কঠোর সমালোচনা করেছেন।