এইচআইভি/এইডস নিয়ন্ত্রণে সরকারি নেতৃত্বে দুর্বলতা
জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির (এনএসপি) দুর্বলতার কারণে এইচআইভি ও এইডস মোকাবিলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারছে না সরকার। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দক্ষ ও অভিজ্ঞ জনবলের অভাব এনএসপি কর্মসূচির দুর্বলতার একটি বড় কারণ। এ কারণে দাতাদের টাকাও কম পাচ্ছে সরকার।গত ছয় বছরে এনএসপির লাইন ডাইরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে ১০ জনকে। গুরুত্বপূর্ণ অন্য কয়েকটি পদেও দীর্ঘ মেয়াদে বা স্থায়ীভাবে কাউকে নিয়োগ না দেওয়ার নজির আছে। যোগ দেওয়ার কিছুদিনের মধ্যে চলে যেতে হয় বলে এনএসপিতে দক্ষ ও অভিজ্ঞ জনবলের অভাব রয়েছে।এনএসপির বর্তমান লাইন ডাইরেক্টর মো. আবদুল ওয়াহিদ গত বছরের নভেম্বরে এই পদে যোগ দেন। তিনি এ বছরই অবসরে যাচ্ছেন। এর আগের পরিচালক মোহাম্মদ আবদুর রহমান ওই পদে কাজ করেছিলেন পাঁচ মাস। কেউ কাজ করেছেন মাত্র দুই মাস। দেড় বছরের বেশি কাজ করেছেন এমন আছেন মাত্র একজন।এক বছর, এমনকি দুই বা পাঁচ মাসের জন্য ডাইরেক্টর পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে আবদুল ওয়াহিদ বলেন, ‘এটি নীতিনির্ধারকদের বিষয়। তবে সরকার বিষয়টি উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’এইডস ও যৌনবাহিত রোগ নিয়ন্ত্রণে নেতৃত্বদান, জাতীয় পর্যায়ে কাজের সমন্বয় এবং কাজের ওপর নজরদারি ও মূল্যায়নের উদ্দেশ্যে ১৯৯৮ সালে এনএসপি প্রতিষ্ঠা করে সরকার।বেশ কিছুদিন ধরে এইচআইভি/এইডস নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ‘আশার আলো সোসাইটি’র নির্বাহী পরিচালক হাবিবা আখতার প্রথম আলোকে বলেন, ‘পরিচালক আসেন। কিছুদিন কাজ করেন, বিদেশ যান; কর্মসূচি বোঝার চেষ্টা করেন। দক্ষতা-অভিজ্ঞতা অর্জন করে তিনি চলে যান।’এইডস বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এনএসপিকে শক্তিশালী করার ব্যাপারে সরকার গুরুত্ব দিচ্ছে না। সব চলছে অ্যাডহক ভিত্তিতে। এর ফলে এইচআইভি ও এইডস মোকাবিলায় শক্তিশালী সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠছে না।’ উদাহরণ হিসেবে নজরুল ইসলাম বলেন, এত বছর কাজ করার পরও সরকারি হাসপাতালে এইচআইভি-সংক্রমিত বা এইডসে আক্রান্ত ব্যক্তিরা চিকি ৎ সাসেবা নিতে পারছেন না।শিরায় মাদক গ্রহণকারী ও যৌনকর্মীরা এইচআইভি/এইডসে আক্রান্ত হওয়া বা বিস্তারের উচ্চ ঝুঁকির মধ্যে থাকেন। কিন্তু হিসাবের মধ্যে থাকা শিরায় মাদক গ্রহণকারীদের অর্ধেক এখন এনএসপির সেবা পাচ্ছেন না। অন্যদিকে দেশের ১২টি যৌনপল্লির প্রায় সাড়ে তিন হাজার যৌনকর্মীর সবাই একসময় সেবার আওতায় ছিলেন। বর্তমানে টাঙ্গাইল ও ময়মনসিংহ ছাড়া আর কোথাও সেবা নেই।সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এনএসপির অবস্থান নিয়েও অসন্তুষ্টি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ জানান, পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এনএসপি কর্মসূচি স্বাস্থ্যসেবার নিয়মিত কাঠামোর মধ্যে আনার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি জনপ্রশাসন (আগের সংস্থাপন) মন্ত্রণালয়ে পাঠালে সেখান থেকে তা ফেরত আসে। কারও নাম উল্লেখ না করে মহাপরিচালক বলেন, ‘এনএসপি শক্তিশালী হোক, সরকারের বাইরে কেউ কেউ তা চায় না।’মহাপরিচালক মো. সিফায়েত উল্লাহ নিজেও ২০০৭ সালে দুই মাসের জন্য এনএসপির লাইন ডাইরেক্টর ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘কর্মসূচি চলছে ভাড়া করা লোক দিয়ে। এতে কর্মসূচি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ এ কর্মসূচির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তাও এত দিন পরও এনএসপি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত কাঠামোর অন্তর্ভুক্ত না হওয়া অবহেলার প্রমাণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকার এনএসপিতে কর্মকর্তাদের পাঠায় বিশেষ দায়িত্ব দিয়ে বা ওএসডি করে।’সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এনএসপির দুর্বলতার কারণে দাতাদের সহায়তাও তারা কম পাচ্ছে। সাহায্য সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ২০০৯ সালে বাংলাদেশে শুরু হওয়া প্রায় ৫০০ কোটি টাকার রোলিং কন্টিনিউয়েশন চ্যানেল (আরসিসি) প্রকল্পে সরকার পেয়েছে মাত্র ১০ শতাংশ অর্থ। এনজিওগুলো ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পেয়েছে যথাক্রমে ৬৫ ও ২৫ শতাংশ অর্থ।আশার আলো সোসাইটির পরিচালক হাবিবা আখতার বলেন, আরসিসি প্রকল্পটি সরকারের ২০০৯ সালের নভেম্বরে শুরু করার কথা ছিল। সরকারি অংশের কাজ পাঁচটি এনজিওর মাধ্যমে ৩৬ মাসে বাস্তবায়ন করার কথা। কিন্তু ২৪ মাস পরও এনএসপি এনজিও নির্বাচন করতে পারেনি।এনএসপির দুর্বলতাসহ সমস্যাগুলোর বিষয়ে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবিরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, এত দিন পদোন্নতি না হওয়ায় অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পরিচালক নিয়োগ দিতে হয়েছে। এ কারণে অনেকে বেশি সময় থাকতে পারেননি। এখন সার্বিকভাবে পদোন্নতি শুরু হওয়ায় এ সমস্যা কেটে যাবে। সরকার এনএসপিকে যথাযথ গুরুত্বই দিচ্ছে দাবি করে সচিব বলেন, এ জন্যই এইচআইভি/এইডস নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।বাংলাদেশে এইডস রোগী প্রথম শনাক্ত হয় ১৯৮৯ সালে। সেই থেকে গত বছরের ১ ডিসেম্বর পর্যন্ত দেশে এইচআইভি-সংক্রমিত দুই হাজার ৮৮ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে এইডস রোগ হয়েছিল ৮৫০ জনের, মারা যায় ২৪১ জন।আজ বিশ্ব এইডস দিবসআজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।বিশ্ব এইডস দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘শূন্যের দিকে ধাবমান—শূন্য সংক্রমণ, শূন্য বৈষম্য এবং শূন্য এইডস-আক্রান্ত মৃত্যু’। ইউএনএইডস মনে করছে, সম্মিলিত উদ্যোগ নিলে নতুন সংক্রমণ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। দিবসটি উপলক্ষে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচি (এনএসপি) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সেমিনারের আয়োজন করেছে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি এতে এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এইচআইভির প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।