এইচআইভি/এইডস প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা বলেছেন, এইচআইভি/এইডসের বিস্তার রোধে স্থানীয় প্রশাসনকে তৃণমূল পর্যন্ত সম্পৃক্ত করতে হবে। তাঁদের কেউ কেউ অভিযোগ করেছেন, এইডসে ভোগা ব্যক্তিরা সরকারি হাসপাতালে কোনো রোগের চিকিৎসা পাচ্ছেন না।গতকাল মঙ্গলবার জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট ‘এইডস প্রতিরোধে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, বিশিষ্ট চিকিৎসক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন ও এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।গোলটেবিল বৈঠকে স্থানীয় সরকারকে এইচআইভি/এইডস প্রতিরোধে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একাধিক আলোচক বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এইচআইভি/এইডস প্রতিরোধে স্বাস্থ্য অবকাঠামোগুলো ঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। শহরাঞ্চলের বাইরে সেবা সম্প্রসারিত করা যায়নি। এইচআইভি/এইডস পরীক্ষার জন্য ‘ভলান্টারি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং’ (ভিসিটি) কেন্দ্রের সঙ্গে সরকারি হাসপাতালের যোগসূত্র তৈরি হয়নি। পরীক্ষার পর চিকিৎসার জন্য মানুষ কোথায় যাবে, সেই নির্দেশনা নেই।ইউএনএফপিএর সহকারী এদেশীয় পরিচালক হাসিনা বেগম বলেন, জেলা পর্যায়ে ৩২ সদস্যবিশিষ্ট এইডস কমিটি আছে। কিন্তু সেটি কি আসলে সক্রিয়ভাবে কাজ করছে?স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন বলেন, জেলা এইডস কমিটিকে সক্রিয় করা গেলে সেবাবৈষম্য দূর করা সম্ভব হবে। তিনি সিভিল সার্জনদের নিয়মিত এইডস কমিটির বৈঠক আয়োজন ও পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাসিত বলেন, জেলায় যৌনকর্মী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সদস্যরা যেন দ্রুত ও গোপনে চিকিৎসা পান, সে জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। একজন চিকিৎসা কর্মকর্তা জেলার যৌনপল্লিতে প্রতি সপ্তাহে এক দিন গিয়ে সেবা দিচ্ছেন।বেসরকারি প্রতিষ্ঠান কনফিডেনশিয়াল অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশনের (ক্যাপ) নির্বাহী পরিচালক হালিদা হানুম খন্দকার বলেন, গত মাসে প্রসব যন্ত্রণায় কাতর এইডসে আক্রান্ত এক নারীকে চিকিৎসা দিতে রাজি হননি চিকিৎসক। ১৯৯৮ সালেও এমন ঘটনা ঘটেছিল। তাঁর মতে, এইডস প্রতিরোধে কিছু অগ্রগতি হলেও সরকারি হাসপাতালে সেবার অগ্রগতি হয়নি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইচআইভি/এইডসবিষয়ক জাতীয় পরামর্শক মো. এনামুল হক বলেন, চিকিৎসকদেরও সংক্রমণের ঝুঁকি থাকে। চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ (ইউনিভার্সাল প্রিকশন সেট) সরবরাহ করা দরকার।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য মো. নজরুল ইসলাম বলেন, বিএসএমএমইউতে আগে এইডসে আক্রান্ত গর্ভবতী মায়েদের চিকিৎসা দেওয়া হতো। এখন বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি ভুলে গেলে চলবে না।বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।কনডমের ব্যবহার বাড়াতে হবে: বৈঠকে অংশগ্রহণকারীদের প্রায় সবাই মন্তব্য করেন, কনডম ব্যবহারে এইচআইভি/এইডস সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায়, এটা অনেকেই জানেন। কিন্তু কনডমের ব্যবহার বাড়ানো সম্ভব হচ্ছে না।জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব এ এস এম মাহবুব আলম বলেন, থাইল্যান্ডে স্কুলের শিক্ষার্থীরা অসংকোচে কনডমের কথা বলে। অথচ জাতীয় পর্যায়ের আলোচনাতেও এ দেশে কনডম উচ্চারণ করা হয় না।ইউএনএফপিএর এইচআইভি কর্মকর্তা খন্দকার এজাজুল হক বলেন, যৌনপল্লিতে যৌনকর্মীরা এইডস ও যৌন রোগ সম্পর্কে ভালো জানে। কিন্তু খদ্দেররা কনডম ব্যবহার করছে না।এইচআইভি/এইডস অ্যান্ড এসটিডি অ্যালায়েন্স বাংলাদেশের (হাসাব) দলনেতা সৈয়দা সেলিনা পারভিন বলেন, কনডমের ব্যবহার বাড়াতে যৌনকর্মীদের ক্ষমতায়িত করতে হবে, যেন তারা খদ্দেরদের সঙ্গে দর-কষাকষি করতে পারে।গৃহবধূ ও তরুণদের কথা ভুললে চলবে না: বৈঠকে জানানো হয়, দেশের এইডসে ভোগা ব্যক্তিদের একটি বড় অংশ গৃহবধূ। গৃহবধূদের সুরক্ষার বিষয়টি জোরেশোরে উচ্চারিত হয় না। মুক্ত আকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এস মুক্তি বলেন, তাঁদের কাছে ওষুধ ও অন্য সহায়তার জন্য যাঁরা আসেন, তাঁদের আশি ভাগই গৃহবধূ।আশার আলো সোসাইটির কর্মী ঝুমকা রানী বলেন, গৃহবধূরা সংক্রমিত হচ্ছেন তাঁদের স্বামীদের দ্বারা। অনেক সময় স্বামী মারা গেলে সংক্রমিত নারী ও সন্তান থাকলে সন্তানটিও অসহায় হয়ে পড়ে। এদের জন্য বয়স্কভাতা, বিধবা-ভাতার মতো কিছু সহযোগিতার উদ্যোগ নিতে হবে সরকারকে।বৈঠকে অংশগ্রহণকারী তরুণদের প্রতিনিধি সাখাওয়াৎ ইমরান এইডস সম্পর্কে আরও খোলামেলা আলোচনা হওয়া দরকার বলে মন্তব্য করেন। তিনি বলেন, এইচআইভি/এইডস প্রতিরোধে যৌন জীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে তরুণদের জন্য কনডম সহজলভ্য করা দরকার। ইউএনএফপিএর সহযোগিতাপুষ্ট ন্যাশনাল ইয়ুথ ফোরামের ফৌজিয়া সুলতানা বলেন, এইডস নিয়ে কোনো কাজ করতে গেলে পরিবার বা স্থানীয় প্রশাসনের সাহায্য পান না।যোগাযোগের মাধ্যমে পরিবর্তন আনা দরকার: একাধিক আলোচক বলেন, পাঠ্যবইয়ে এইচআইভি/এইডস বিষয়টি থাকলেও তা পড়াতে শিক্ষকেরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমির হোসেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ বিষয়ে একটি প্রশ্ন বাধ্যতামূলক করার পরামর্শ দেন।মিডিয়া বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সচেতনতামূলক কার্যক্রম চালাতে যে পুস্তিকা, লিফলেট, বিলবোর্ড আছে, তা কতটা কার্যকর ভূমিকা রাখছে, সেটি খুঁজে দেখা দরকার।বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক এ এইচ এম শামসুল আজাদ বলেন, শুধু বিলবোর্ড দিয়েই মানুষকে সচেতন করা যায় না; রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, বাজার, কমিউনিটি ক্লিনিকে প্রচার জোরদার করা জরুরি।বৈঠকে আরও অংশ নেন জাতীয় এইডস ও এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর মো. আবদুল ওয়াহিদ ও উপকর্মসূচি ব্যবস্থাপক সাইদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. আবদুল খালেক, এসটিডি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক আবু ইউসুফ চৌধুরী, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বাংলাদেশ উইমেন হেলথ কোয়ালিশনের টিম লিডার রওনক ফওজি খান, হাসাবের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক দীপক কুমার বিশ্বাস, আশার আলো সোসাইটির উপপরিচালক আসমা পারভিন প্রমুখ।