এইবার হামাক না খেয়া থাকবার নাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুচোখ ছলছল করছে তারাগঞ্জ ইউনিয়নের ইকরচালী গ্রামের জোনা মিয়ার। পচন-রোগে আক্রান্ত তাঁর আদা খেত। দুই দফা কীটনাশক প্রয়োগ করেও রোগ দমন না হওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘মোর আমন ধান তো বানে খাইচে। আলু গারছুনু, তা নিবার না চায়ছে। আদার গাছগুলাও পচি যায়ছে। মোর কপালত যে কী হইছে তাক আল্লায় জানে। এইবার হামাক না খেয়া থাকবার নাগবে বাহে।’ উপজেলা কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে প্রায় তিন হাজার একর জমিতে আদার চাষ হচ্ছে। অন্য ফসলের তুলনায় লাভ চারগুণ বেশি হওয়ায় হাজার হাজার মানুষ আদাচাষে জড়িয়ে পড়েছে। যাদের জমি নেই তারা লিজ নিয়ে আদার চাষ করছে। স্থানীয় চাহিদা পূরণ করে এখানকার আদা রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় রপ্তানি হচ্ছে। কিন্তু পচন-রোগে আক্রান্ত হয়ে এসব আদার খেত নষ্ট হয়ে যাচ্ছে। বাজারের প্রচলিত কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন করতে না পেরে কৃষকেরা অসহায় হয়ে পড়েছে। দর্জিপাড়া গ্রামের কৃষক আবুজার বলেন—গাছগুলা দেখি মনে হছিল এইবার বুঝি ফলন ভাল হইবে। কিন্তুক হঠাৎ কেনেবা গাছগুলা হলুদ হয়া গেইছি। গাছের গোড়া খুলি দেখি, বীজ আদাগুলা পচি গেইছে। মাটিয়ালপাড়া গ্রামের কৃষক মজু মিয়া বলেন—এই পঁচা রোগকোনার জন্য মেলা চাষি আদাচাষ বাদ দিবার চায়ছে। এ কিনা রোগ, খেতের এক জাগাত দেখা দিলে তাড়াতাড়ি গোটায় খেতে ধরে! এই রোগে আক্রান্ত গাছগুলার পাতার গোড়া হলুদ হয়া যায়। এ রোগ আস্তে আস্তে মাটির ভিতরের আদায় ধরে। তখনে আদার গাছকোনা মরি যায়। দোলাপাড়া গ্রামের কৃষক আজমল হোসেন বলেন—কৃষি অফিসের লোকেরা খালি আইসে আর এলাকাত ঘুরি বেড়ে যায়। ওমরাও এই রোগ কোনা সারবার বুদ্ধি দিবার না পায়। কয়, হলুদ গাছগুলা উকরি ফেলান। তাহাইলে এই রোগ কমি যাইবে। কিন্তুক ভাইজান, গাছগুলা উকরি ফেলেয়াও তো এই রোগ খেত থাকি পালায়ছে না। বরাতী গ্রামের কৃষক নাইমুল ইসলাম বলেন—সবায় বুদ্ধি দিলে, উপরা উপরি তিন-চার বার ঔষধ দেন। এই রোগ পালে যাইবে। ওমার বুদ্ধি শুনি ঔষধ দিনু, তাও তো কাম হইল না। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন—কৃষকেদের প্রতিবছর ভাল খেত থেকে বীজ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেকে তা মানে না। রোগাক্রান্ত খেত থেকে বীজ সংগ্রহ করে রোপণ করলে তো পচন-রোগ দেখা দেবেই। এ পচন-রোগ কীটনাশক প্রয়োগ করেও সারবে না। আক্রান্ত আদার গাছগুলো তুলে ফেললে এ রোগ বিস্তারের পরিমাণ কিছুটা কমে।