এএসআই আকিদুলও পাঁচ দিনের রিমান্ডে, ঘটনাস্থলে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের হেমায়েতপুরে পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিদুল ইসলামকেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলায় এর আগে গত শুক্রবার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন কনস্টেবলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া আকিদুল ইসলামকে গতকাল শনিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আকিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গত বুধবার রাত আটটার দিকে হেমায়েতপুর এলাকার শামীম সরকার (৩২) ও তাঁর দূরসম্পর্কের ভাগনে সাইফুলকে আটক করে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ওই রাতে শামীমের মৃত্যু হয়।এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আমিন সরকার বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। এতে সাভার মডেল থানার এএসআই আকিদুল ইসলাম, কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজান আলী এবং আশুলিয়া থানার এসআই এমদাদুল হককে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, শামীম ও সাইফুলকে আটকের পর তাঁদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশ কয়েক লাখ টাকা দাবি করে। পরিবার টাকা দিতে রাজি না হওয়ায় নির্যাতন করে শামীমকে হত্যা করা হয়।এদিকে ঘটনা তদন্তে গঠিত একটি তদন্ত দলের প্রধান পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মিজানুর রহমান এবং অপর দলের প্রধান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা হেমায়েতপুরের ভাই ভাই হোটেল, চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়ি ও মোল্লা সিএনজি স্টেশনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা নিহত শামীমের বাসায় যান।