এএসপি প্রত্যাহার, ওসি বরখাস্ত, আসামি গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের গুলিতে জেলে নিহতের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সায়েফুজ্জামান ফারুকীকে প্রত্যাহার এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের পুলিশ সদর দপ্তরে তলব করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক আদেশে এ কথা বলা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ সুপারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনা তদন্তের জন্য মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ঘটনার দিন বৃহস্পতিবার রাতেই সিরাজদিখান থানার ওসি (বর্তমানে বরখাস্ত) মিজানুর রহমান বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ঘটনার সময় গ্রামবাসী টেঁটা, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী অভিযোগ করেছে, পুলিশের এই সাজানো মামলা প্রত্যাহার করা উচিত। ঘটনার সময় ছাত্র ও গ্রামবাসীর হাতে কোনো অস্ত্র ছিল না। নিরস্ত্র স্কুলছাত্র ও গ্রামবাসীর ওপর পুলিশ নির্বিচারে গুলি ছোড়ে। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার নিহত জেলে মোসলেম উদ্দিনের লাশের সুরতহাল করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফিউল ইসলাম। ওই দিন রাতেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুরে কাইজারচর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। গতকালও নিহত জেলের পরিবারে ছিল মাতম। মোসলেমের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বাবা বেঁচে নেই এটা বুঝতে পারছে না শিশুসন্তান মেহেদী (৫) ও মারিয়া (৩)।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ সিরাজদিখানে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনাস্থলে বৃহস্পতিবারই তাড়াহুড়ো করে একটি গতিরোধক নির্মাণ করা হয়। সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভালো কিছু অর্জন পুলিশের এই কর্মকাণ্ডে নষ্ট হয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হচ্ছেন। তাঁর সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানানো হলেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে যাব।’ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, পুলিশের বিরুদ্ধে পুলিশ দিয়েই গঠিত তদন্ত কমিটি তো তাদের পক্ষেই প্রতিবেদন দেবে। এমন তদন্ত করার চেয়ে না করাই ভালো। নিরপেক্ষ লোক দিয়ে তদন্ত করা উচিত।এদিকে গতকাল রাত আটটা পর্যন্ত নিহত মোসলেমের পক্ষে বা আহত গ্রামবাসীর পক্ষে থানায় কোনো মামলা হয়নি।কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম প্রথম আলোকে জানান, মোসলেমের পরিবার এখনো দিশেহারা। মামলা দেবে এমন একজন সচেতন লোকও তাদের পরিবারে নেই। সিরাজদিখান থানার ওসিকে বরখাস্তের পর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশফিকুর রহমানকে সাময়িকভাবে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার তিনিও ঘটনাস্থলে ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ঘটনার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, গতকাল জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও তিনি মোসলেমের বাড়ি যান এবং মানুষের সঙ্গে কথা বলেন। তবে স্বতঃস্ফূর্তভাবে কেউ কথা বলতে চায়নি।পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এএসপিকে প্রত্যাহার ও ওসিকে বরখাস্তের কথা নিশ্চিত করেছেন।গত বুধবার সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়ায় বিদ্যালয়ের এক ছাত্র নিহত হলে ছাত্ররা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রশাসন থেকে পরের দিন সকাল ১০টার মধ্যে ওই স্থানে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তারা শান্ত হয়। কিন্তু পরের দিন দুপুর ১২টার মধ্যেও কোনো গতিরোধক নির্মাণ না করায় ছাত্র ও এলাকাবাসী আবার উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। এ নিয়ে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ছাত্র ও গ্রামবাসীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে এলাকাবাসী ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে জেলে মোসলেম নিহত হন। গুলিতে আহত হয় ছাত্রসহ ২০ জন।