এএসপিরা ওসির দায়িত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিদর্শকদের বদলে সহকারী পুলিশ সুপারদের (এএসপি) নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা মহানগরের সব থানায় ও পরে অন্য সব মহানগরে এ ব্যবস্থা কার্যকর হবে। পরে জেলাগুলোতেও এএসপিদের নিয়োগ করা হবে। পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তর মিলনায়তনে এ বৈঠক হয়। বৈঠকে হাইওয়েতে দুর্ঘটনা কমানো, থানায় পরিদর্শক পদের দুজন করে কর্মকর্তা নিয়োগ, জেলা পর্যায়ে সিআইডির কাজ, পুলিশে নিয়োগ-প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, বৈঠকে পুলিশের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, এখন সব মডেল থানায় এএসপিরা দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগরের সব থানায় ওসি পদে এএসপিদের নিয়োগ দেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশের নীতিনির্ধারণী গ্রুপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৌশল নির্ধারণসহ বাহিনীর সব ধরনের নীতিনির্ধারণ করে থাকে। এ গ্রুপের বৈঠকে আইজিপি, সব অতিরিক্ত আইজিপি, সব ডিআইজি, অঞ্চলের প্রধান, ছয় মহানগর পুলিশের কমিশনারসহ সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। গতকাল দুপুরে মাসিক অপরাধ সভার পরই এ বৈঠক অনুষ্ঠিত হয়।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, টানা দুই দিন বৈঠক হয়েছে। এর মধ্যে বুধবার সশস্ত্র ও নিরস্ত্র পুলিশের উপপরিদর্শক ও পরিদর্শকদের পদোন্নতি নিয়ে আলোচনা হয়। গতকাল ত্রৈমাসিক অপরাধ সভার পর শুরু হয় নীতিনির্ধারণী গ্রুপের বৈঠক। আইজিপি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় আইজি বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ডিআইজিদের বলেন, দুর্ঘটনা ঘটার আগেই কেন বেপরোয়া যানবাহন আটক করা হচ্ছে না। তিনি প্রয়োজনে চালকদের গ্রেপ্তারের কথা বলেন। এ পর্যায়ে একজন ডিআইজি বলেন, বেপরোয়া যানবাহন আটক করা শুরু করলে যাত্রী হয়রানি বাড়বে। আরেক কর্মকর্তা বলেন, আমদানি করা ট্রাকের কাঠামো (বডি) তৈরি হয় দেশে। তখন ইচ্ছে করেই এর আকার বড় করা হয়। এসব ট্রাক রাস্তায় ভারসাম্য রাখতে পারে না। এ পর্যায়ে আইজি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সপ্তাহে দুই দিন জেলার পুলিশ সুপার থেকে শুরু করে সব কর্মকর্তাকে রাস্তায় দায়িত্ব পালন করতে হবে। যেকোনো বেপরোয়া যান পেলেই আইনগত ব্যবস্থা নিতে হবে। তবে এভাবে যানবাহন আটকের আগে বিআরটিএ ও পরিবহন নেতা-শ্রমিকদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, অপরাধ সভায় সিদ্ধান্ত হয়, পুলিশে প্রতিবছর যে হারে নিয়োগ হচ্ছে, তার সংখ্যা বাড়াতে হবে। এ জন্য বৃহত্তর জেলা পুলিশ লাইনগুলোকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এতে আরও দ্বিগুণ লোককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়। পুলিশের অতিরিক্ত আইজি নববিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, এভাবে পদোন্নতি দেওয়া হলে কাজের মান বাড়বে। পাশাপাশি পদোন্নতি নিয়ে জটিলতাও দূর হবে।বৈঠকে সিদ্ধান্ত হয়, পদোন্নতি ও নতুন নিয়োগের মাধ্যমে পুলিশে সব শূন্য পদ পূরণ করা হবে। সিআইডিকে শক্তিশালী করা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পুকুরপাড়ে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত হয়।তিন মাসের অপরাধ: বৈঠকে সারা দেশের তিন মাসের অপরাধচিত্র তুলে ধরা হয়। বলা হয়, এপ্রিল, মে ও জুন—এই তিন মাসে সারা দেশে ৯৮২ জন খুন হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৯৫৩ জন নারী, এসিডদগ্ধ হয়েছেন ২১ নারী। নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন মোট চার হাজার ২৭৮ নারী। তিন মাসে মোট ৪৩০টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। অপহূত হয়েছেন ২২২ জন। এ সময়ে সারা দেশে ১৭৫টি ডাকাতির ঘটনা ঘটেছে।