এও খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবলেও অবাক হতে হয় এমন সব বিচিত্র ইভেন্ট একসময় ছিল অলিম্পিকে। লিখেছেন রাজীব হাসানএকটা দড়ির দুই দিক থেকে টানছে দুই দল মানুষ। দড়ির খেলা! যে দল টেনে আনতে পারবে, জয়ী তারাই। এভাবে দড়ি টানাটানি করে কী পাবে তারা? অলিম্পিক সোনা!এখন আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে, অলিম্পিকে কিন্তু এক সময় সত্যি সত্যি দড়ির খেলা ছিল। তা-ও পাঁচ-পাঁচটি অলিম্পিকে হয়েছে দড়ি টানাটানি। ১৯০০, ১৯০৪, ১৯০৮, ১৯১২—টানা চার অলিম্পিকের পর মাঝখানে এক আসরে বিরতি দিয়ে ১৯২০ অলিম্পিকে আবারও যুক্ত হয় এই ইভেন্ট।১৯০৮-এর গেমসে এই দড়ির খেলা নিয়ে আক্ষরিক অর্থেই শুরু হয়ে গিয়েছিল দুই পক্ষের টাগ-অব-ওয়ার। সেবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জিতেছিল ব্রিটিশ পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে গড়া একটি দল। কিন্তু হেরে যাওয়ার পর যুক্তরাষ্ট্র দলের পক্ষ থেকে ব্রিটিশ দলটির পায়ের জুতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সে সময় যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় লেখা হয়েছিল, ‘এই জুতাগুলো ছিল আকারে প্রকাণ্ড। এতটাই ভারী, সত্যি বলতে কি, মাটি থেকে পা তুলতেই ওদের অনেক পরিশ্রম করতে হচ্ছিল।’অলিম্পিকের বাদ পড়ে যাওয়া খেলাগুলোর মধ্যে আছে জ্যান্ত পাখি শিকার। প্রথম এবং একমাত্র ১৯০০ প্যারিস অলিম্পিকেই ছিল এই খেলা। সেবার বেঘোরে প্রাণ দিয়েছিল তিন শর মতো পাখি। বেলজিয়ামের লেওঁ দ্য ল্যুদেঁ ২১টি পাখি ঘায়েল করে সোনা জিতেছিলেন। ফ্রান্সের মরিস ফাউরে ২০টি পাখি মেরে জিতেছিলেন রুপা। অস্ট্রেলিয়ার ডোনাল্ড ম্যাকিন্টোশ ডজন দেড়েক পাখি শিকার করে জিতেছিলেন ব্রোঞ্জ।এই রক্তারক্তি বন্ধ করতেই পরের গেমসে এ খেলা আর রাখা হয়নি। তবে ‘গোলাগুলি’ ঠিকই চলেছে অলিম্পিকে। ১৯১২ স্টকহোম গেমসের এক ইভেন্টের কথা শুনে প্রথমে তো শিউরেই উঠেছিল অনেকে। অনেকটা ওয়েস্টার্ন ছবির কায়দায় হবে পিস্তল যুদ্ধ! না, শেষ পর্যন্ত জ্যান্ত মানুষকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়নি। ব্যবহার করা হয়েছিল ডামি বা মানব-পুতুল।মাছ না হলেও যে জিনিস ভাজা যায় সেটা হলো মুগুর ভাঁজা। এখনো আমাদের গাঁও-গেরামের শরীরপ্রেমীরা মুগুর ভাঁজেন। এটাও কিন্তু একসময় খেলা ছিল অলিম্পিকের। ১৯০৪ অলিম্পিকে হয়েছিল একবার। আরেকবার ১৯৩২ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। ১৯৩২-এ অলিম্পিক চলার সময় গোটা বিশ্ব ডুবে ছিল অর্থনৈতিক মন্দায়। যে সময়কে বলা হয় ‘দ্য গ্রেট ডিপ্রেশন’। ক্লাব সুইঙ্গিং ইভেন্টে সোনা জিতেছিলেন আমেরিকারই জর্জ রথ। রথ নাকি সোনার পদক গলায় দিয়ে ঘরে ফিরেছিলেন যখন, গাড়ির ভাড়া দেওয়ার টাকা পর্যন্ত তখন ছিল না। বিনা ভাড়ায় অন্যের গাড়িতে চেপে ঘরে ফেরেন তিনি।দাঁড়িয়ে থেকে লাফিয়ে ওঠার একটি খেলাও ছিল অলিম্পিকে। স্ট্যান্ডিং হাই জাম্প ১৯১২-এর পর আর দেখা যায়নি। এই খেলার কিংবদন্তি ছিলেন তিনবারের সোনাজয়ী রে আউরি। যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াবিদ ছিলেন সে সময়ের বিশ্ব রেকর্ডেরও মালিক। আউরির আছে প্রতিকূলতা জয় করার মানবিক এক গল্প। পোলিও আক্রান্ত আউরির শৈশবটা কেটেছিল হুইলচেয়ারে। হুইলচেয়ারে বসেই তিনি স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার। লাফিয়ে আকাশ হয়তো ধরতে পারেননি পরে, কিন্তু তাঁর জন্য এটাও তো এক রকম আকাশ ছোঁয়াই!এ রকম হাস্যকর খেলা শুধুই নয়, গলফ-রাগবিও ছিল অলিম্পিকে। এই দুই খেলা আবারও ফিরে আসছে দীর্ঘ বিরতির পর। ২০১৬ রিও গেমসে থাকছে দুটো খেলাই। আমাদের বাংলাদেশের জন্য একটা সুখবর মিলতে মিলতেও মেলেনি, অলিম্পিকে ক্রিকেট আবার চালুর খবর!আবার চালুই। কারণ, এ খেলা সেই ১৯০০ অলিম্পিকেই খেলা হয়েছে। প্যারিসে সেবার অংশ নেওয়ার কথা ছিল ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম আর হল্যান্ডের। বেলজিয়াম আর হল্যান্ড পরে নাম কাটিয়ে নেয়। খেলা হয় ব্রিটেন বনাম ফ্রান্স। তাতে ফ্রান্সকে হারিয়ে সোনা জেতে ব্রিটেন।অলিম্পিকে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। তবে অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে এ খেলা।