এক অন্য উৎসবের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকপাড়া, বইয়ের দোকান, স্কুলপড়ুয়াদের ছোটাছুটি, সব মিলিয়ে বেইলি রোডে গেলেই মনে হয়, আজ যেন কী একটা উৎসব। সেদিন সকালবেলায় আবারও মনে হলো, আজ যেন কী একটা উৎসব। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে ঢুকতেই লাল-নীল পোশাক পরা ছাত্রছাত্রীদের উল্লাস আর হইচই বলে দিল, আজ সত্যিই উৎসব—আজ ভাষা উৎসব!দিনটি ছিল ৩০ এপ্রিল শুক্রবার। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অডিটরিয়ামে বসেছিল এইচএসবিসি-প্রথম আলো ষষ্ঠ ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব। দেখতে দেখতে ছয় বছর পার করে ফেলল ভাষা প্রতিযোগ। তাতে প্রতিযোগের বয়স বাড়ছে বলে মনে হচ্ছে না। দিনকে দিন আরও তরুণ আর উচ্ছল হয়ে উঠছে ভাষা নিয়ে আয়োজিত এ উৎসব।উচ্ছলতার শুরু হলো সেই সাতসকালে। দেশের নানা জায়গা থেকে আঞ্চলিক পর্বের বিজয়ীরা এসে জড়ো হতে শুরু করেছে। ফেব্রুয়ারিতে শুরু হয়ে দিনাজপুর, বগুড়া, নেত্রকোনা, খুলনা, বরগুনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় হয়েছে আটটি আঞ্চলিক পর্বের প্রতিযোগ। প্রতি অঞ্চলে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক—চারটি বিভাগে প্রতিযোগিতার বিজয়ীরা এসেছে জাতীয় উৎসবে।কেউ আগের দিনই চলে এসেছে, কেউ আবার সারা রাত ভ্রমণ করে সকালবেলায় পৌঁছেছে ঢাকায়। একা একা নয়, বেশির ভাগ প্রতিযোগীই সঙ্গে এক-দুজন অভিভাবক নিয়ে এসেছে। অভিভাবকদেরও দেখে মনে হলো, উৎসবে মেতে উঠেছেন তাঁরা।সকালবেলায় বেলুন ওড়ানো, পতাকা তোলার ভেতর দিয়ে অনুষ্ঠান শুরু। জাতীয় পতাকা তুলে ও বেলুন উড়িয়ে এবারের জাতীয় উৎসবের উদ্বোধন করলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া আকতার বেগম। আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক।দু-একটি কথা বলেই আনুষ্ঠানিকভাবে এবারের প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করে দিলেন অধ্যক্ষ রোকেয়া আকতার বেগম। এবার উদ্বোধনী মঞ্চে ছোটার পালা। কিন্তু অভ্যাসটা একটু বদলাতে হলো। এবার আর ভিকারুননিসার সুন্দর খোলা মাঠে নয়, অনুষ্ঠানের জন্য ছুটতে হলো দারুণ সাজানো-গোছানো অডিটরিয়ামে।বৈশাখের তীব্র রোদের ভয় আর যখন-তখন কালবৈশাখী ছুটে আসার আশঙ্কায় অনুষ্ঠান চলে এসেছে অডিটরিয়ামে। অনুষ্ঠান শুরু হতে মনে হলো, অডিটরিয়ামটাই বেশ জমিয়ে দিয়েছে উৎসবকে।উৎসব জমে গেল আসলে উদ্বোধনী পর্বের শুরুতেই কয়েকটা গান শোনানোয়। গান শোনাতে এসেছিলেন শিল্পী বুলবুল ইসলাম ও শারমিন ইসলাম। দেশের গান ও রবীন্দ্রসংগীত মিলিয়ে তিনটি গান বেশ একটা স্নিগ্ধ ভাব নিয়ে এল। সেই অবস্থাতেই কথা বলতে এলেন আলো হাতে ছুটে চলা একজন মানুষ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।ভাষা প্রতিযোগের নিত্য হিতাকাঙ্ক্ষী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ দিব্যি বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে প্রতিযোগীদের মুখ হাসিতে ভরে দিলেন। হাসিটা থামতেই বললেন, ‘আঞ্চলিক ভাষার একটা সৌন্দর্য আছে। কিন্তু সেটা যেহেতু সবার জন্য সমান বোধগম্য হয় না, তাই আমাদের প্রমিত ভাষা শিখতে হবে।’ভাষা প্রতিযোগ আর ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে ছোট ছোট কথায় দারুণ সব বক্তৃতা দিলেন কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক সৌরভ সিকদার, আবদুন নূর তুষার, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সামি হাফিজসহ অনেকেই। কথা না বললেও অনুষ্ঠানে ছিলেন প্রথম আলোর দুই উপসম্পাদক আনিসুল হক ও সাজ্জাদ শরিফ এবং প্রথম আলোর সহকারী সম্পাদক, ভাষা প্রতিযোগের এবারের সমন্বয়ক জাফর আহমদ রাশেদ।সবার বক্তৃতাতেই বেশ হাততালি পড়ছে। কিন্তু হাতে তালি হঠাৎ যেন বেড়ে গেল। বক্তৃতা নয়, মুহম্মদ জাফর ইকবালের নাম শুনেই হাতে তালি। এরপর কথা বলতে উঠে জাফর ইকবাল যা বলেন, তাতেই সবার মহা আনন্দ। শেষমেশ সবাইকে এক কথায় আনন্দিত করে দিলেন, ‘যারা আজ কিছু জিতবে না, আমি তাদের দলে আছি। আমি কখনো কোনো প্রতিযোগিতায় জিততে পারিনি। যারা আজ জিতবে না, তাদের সঙ্গে মিলে আমরা বিজয়ীদের দিকে চেয়ে স্লোগান দেব—ধ্বংস হোক, ধ্বংস হোক।’ হাসিতে ফেটে পড়ল অডিটরিয়াম।এমনি হাসি আর মজার কত কত উৎস! ফাঁকে ফাঁকে প্রতিযোগীদের ভেতর থেকে কেউ এসে একটা কবিতা শুনিয়ে যায়, কেউ একটা কৌতুক বলে সবাইকে হাসায়, কেউ একটা গান করে। খোদ উপস্থাপক, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু মাঝেমধ্যে দু-এক লাইন কবিতা পড়েও বেশ মজা দিলেন।কিন্তু মজায় মজায় তো আর দিন কাটবে না। আসল কাজ বাকি যে! আসল কাজ? হ্যাঁ, সেই খেলায় খেলায় একটা পরীক্ষা দিতে হবে না। ব্যস, সবাই ছুট পরীক্ষা হলের দিকে। ৪০ মিনিটের ছোট পরীক্ষা। তাতেই অনেকের কলম কামড়ানো আর মাথা চুলকানো। কেউ কেউ আবার দিব্যি হাসিমুখে মজা করেই পরীক্ষা দিয়ে ফেলল।দেখতে দেখতে পরীক্ষা শেষ। পরীক্ষা শেষেই ছোট্ট একটা বিরতি—মধ্যাহ্নভোজের বিরতি। সবার বিরতি আছে। কিন্তু একদল বন্ধু দেখলাম, বিরতিতেও ছুটছে। ব্যাপার কী? ছুটবে না! ওরাই তো আসলে এত্ত বড় একটা মহাযজ্ঞ চালিয়ে নিচ্ছে। বন্ধুসভার বন্ধুরা সকাল থেকে রীতিমতো প্রাণান্ত কষ্ট করে যাচ্ছে পুরো অনুষ্ঠানটাকে গোছালো আর সুন্দরভাবে শেষ করার জন্য।বন্ধুসভার বন্ধুদের মতো অত না হলেও কষ্ট করছিলেন পরীক্ষকেরাও। বিরতি শেষ, কিন্তু পরীক্ষকেরা পরীক্ষার্থীদের চেয়ে বেশি ঘাম ঝরিয়ে খাতা দেখে যাচ্ছেন। সে পরীক্ষকদের কাজ তাঁরা করুন, আমরা বরং আবার অডিটরিয়ামে ফিরে যাই। অডিটরিয়ামে আবার উৎসব জমে উঠেছে। জমে উঠবে না! মঞ্চে যে গান গাইতে এসেছেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। ‘দূর দ্বীপবাসিনী’, ‘মোমের পুতুল’, ‘মা বলেছেন’ এ তিনটি গানে সত্যিই এবার উৎসবমুখর হয়ে উঠল অডিটরিয়াম। নাহ্। আরেকটু বাকি ছিল। এবার মঞ্চে এলেন শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি গান তো গাইবেনই, তার আগে একটু গল্পও হলো। বোঝা গেল, ভাষা প্রতিযোগ শুধু শিক্ষার্থীরাই নয়, বড়রাও উপভোগ করছেন। কুমার বিশ্বজিৎ এবার ‘বাংলাদেশ, জেগে ওঠো বাংলাদেশ’ গানটা গাইলেন। প্রতিযোগীদের ঠোঁট মেলানো দেখে বোঝা গেল, বাংলাদেশের জেগে ওঠার কারিগর হতে প্রস্তুত তারা।ধীরে ধীরে বেলা পড়ে আসছে। আর একটু একটু করে টেনশন বাড়ছে। ফলাফলটা কখন জানা যাবে? ফলাফল এসে পড়েছে প্রায়। তার আগে একটু ছোট্ট আনুষ্ঠানিক পর্ব। অনুষ্ঠানে এসেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সবার পক্ষ থেকে এইচএসবিসি ব্যাংক, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, অতিথি, শিক্ষক, অভিভাবক এবং সর্বোপরি প্রতিযোগীদের ধন্যবাদ দিলেন মতিউর রহমান।টেনশন আরও বাড়ছে। নাহ্। আর টেনশন বাড়িয়ে কাজ নেই। উপস্থাপক অরুণ বসু ফলাফল ঘোষণা শুরু করলেন। শুরু হলো বিজয়ীদের চিত্কার, উল্লাস।আর পরাজিতরা? তারা কি মন খারাপ করল? নাহ্। তাদের সঙ্গে জাফর ইকবাল স্যার আছেন না, অনুপ্রেরণায় তারা নিশ্চয়ই মনে মনে পরের বছরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। তাহলে পরের বছরই দেখা হবে?