এক অ্যাডেলের ছয় গ্র্যামি!
লস অ্যাঞ্জেলসের স্ট্যাপলস সেন্টারে ১২ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হলো ৫৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের গ্র্যামি আসর থেকে সেরা অ্যালবাম, সেরা গানসহ ছয় ছয়টি বিভাগে পুরস্কার জিতে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল।অ্যাডেলের ছয় গ্র্যামি জয়ের কারণে এবারের গ্র্যামি যে রকম আনন্দে উদ্ভাসিত ছিল, পাশাপাশি সদ্য প্রয়াত পপতারকা হুইটনি হিউস্টনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্র্যামির আয়োজনের পরিবেশটি হয়ে উঠেছিল ভাবগাম্ভীর্যপূর্ণ। পুরস্কার বিজয়ী প্রত্যেকেই গান এবং বক্তব্যের মধ্য দিয়ে স্মরণ করেছেন তাঁদের প্রিয় হুইটনিকে। এবারের গ্র্যামি আসর উপস্থাপনা করেছেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী জেমস টড স্মিথ, যিনি এল এল কুল জে নামেই বেশি পরিচিত। মঞ্চে উঠেই তিনি হুইটনির ভক্ত, পরিবারের সদস্য ও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে হুইটনির জন্য প্রার্থনা করতে বলেন। এরপর হুইটনির তুমুল জনপ্রিয় গান ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গেয়ে শোনান জেনিফার হাডসন। এ আসরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ২৩ বছর বয়সী অ্যাডেল। মনোনয়ন পাওয়া প্রতিটি বিভাগে পুরস্কার জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই শিল্পী। সেরা অ্যালবাম, রেকর্ড, গান, পপ সলো পারফর্মেন্স, পপ ভোকাল এবং শর্ট ভিডিও বিভাগের পুরস্কার ঝুলিতে ভরেছেন। ‘রোলিং ইন দ্য ডিপ’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার এবং সং অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। অ্যালবাম অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ভোকাল অ্যালবাম বিভাগে পুরস্কৃত হয়েছে ২০১১ সালে প্রকাশিত তাঁর ‘২১’ অ্যালবামটি। এ ছাড়া ‘সামওয়ান লাইক ইউ’ গানটির জন্য বেস্ট পপ সলো পারফর্মেন্স বিভাগে পুরস্কার বগলদাবা করেছেন এই শিল্পী।এবারের গ্র্যামি আসরে বিভিন্ন বিভাগে আরও পুরস্কার জিতেছেন অ্যামি ওয়াইনহাউস, টনি বেনেট, জে জি, কেনি ওয়েস্ট, ক্রিস ব্রাউন, লেডি অ্যান্টেবেলাম, টেইলর সুইফট প্রমুখ।